মুরগির মাংস খাওয়া নিয়ে বিবাদ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারালেন যুবক
- আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালাগি তালুকের হুনাশ্যাল পিজি গ্রামে মুরগির মাংসের টুকরো বেশি খাওয়া নিয়ে বিতর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম সীতারাম, যিনি উত্তরপ্রদেশের পিলিভীত জেলার কবীরগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় তথ্য অনুযায়ী, নিহত সীতারাম এবং অভিযুক্ত অরুণ কুমার একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং তারা বন্ধু ছিলেন। ঘটনার দিন তারা একসঙ্গে পার্টি করছিলেন। পার্টির এক পর্যায়ে কে বেশি মুরগির মাংসের টুকরো খেয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এই কথা-কাটাকাটি এক সময় উত্তপ্ত রূপ নেয়।
অভিযোগ রয়েছে, তর্কের এক পর্যায়ে অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় অরুণ নিজেই সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অরুণ দাবি করেন যে, সীতারাম একটি ভবন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। অরুণের এই বক্তব্যে পুলিশের সন্দেহ হয়।
হাসপাতালে পৌঁছানোর পর পুলিশ অরুণকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অরুণ সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন। চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।



























