নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি
- আপডেট সময় : ০৫:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ এইচপি। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আজ নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের ফলে ৯ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।
ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নর্দার্ন টেরিটোরি। তবে মোহাম্মদ রুবেলের বিধ্বংসী বোলিংয়ের সামনে তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। রুবেল তার ৪ ওভারের স্পেলে মাত্র ২১ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন। তার এই দুর্দান্ত বোলিংয়ে নর্দার্ন টেরিটোরি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয়। এই টুর্নামেন্টে রুবেলের মোট উইকেটের সংখ্যা এখন ২০টি।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ এইচপি ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাব্বির রহমান, যিনি ৩৭ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া ওপেনার হাবিবুর রহমান সোহান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন।

























