চেয়ার বসানো নিয়ে রাবিতে ২ বিভাগের সংঘর্ষে আহত ৪, তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) রাতে শুরু হওয়া এ সংঘর্ষে রসায়ন বিভাগের অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ফেরদৌস হাসান নামে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
সংঘর্ষের ঘটনাটি প্রথম শুরু হয় বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছন থেকে। পরে তা দুই বিভাগের একাডেমিক ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং একে অপরের ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টিএসসিসির একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। এর জের ধরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী নবাব আবদুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। এতে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হন।
এই মারধরের ঘটনার পর রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজের একাডেমিক ভবন হিসেবে পরিচিত 'রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে' হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে রসায়ন বিভাগের আরও দুই শিক্ষার্থী আহত হন। এর জবাবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রসায়ন বিভাগের একাডেমিক ভবন 'জাবির ইবনে হাইয়ান ভবনে' হামলা ও ভাঙচুর চালান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম জানান, সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক মো. সাহাল উদ্দীন এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম (সদস্য-সচিব)। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।





























