লালমোহনে হেলিপ্যাড এখন ময়লার ভাগাড়, অতিষ্ঠ এলাকাবাসী
- আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় এখন হেলিপ্যাডটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এছাড়া, ময়লার স্তূপের কারণে জরুরি প্রয়োজনে হেলিপ্যাডে কোনো হেলিকপ্টার অবতরণ করা এখন আর সম্ভব নয়, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা মো. শফিউল্যাহ, হাছানুজ্জামান ও রাশেদা বেগম জানান, হেলিপ্যাডের মতো একটি স্থানে পৌরসভার ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, 'ওইসব ময়লার দুর্গন্ধে এই এলাকায় বসবাস করাই এখন কষ্টসাধ্য হয়ে ওঠেছে।' ময়লার স্তূপের কারণে এলাকায় কুকুরের উপদ্রবও বহুগুণ বেড়েছে। খাবারের সন্ধানে আসা এসব কুকুরের কামড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন মানুষসহ গবাদি পশু, হাঁস ও মুরগি আহত হয়েছে, যা বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসককে একাধিকবার অনুরোধ জানালেও কোনো সুরাহা হয়নি। লালমোহন একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের দাবি অনুযায়ী নিজস্ব ডাম্পিং স্টেশন তৈরি করা হয়নি। আগের পৌরপ্রশাসক জমি ক্রয়ের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি এবং বর্তমান প্রশাসকও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, 'হেলিপ্যাডের ওপর আমরা ময়লা ফেলতে চাচ্ছি না। পৌরসভার ময়লা ফেলার জন্য কোনো নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে হেলিপ্যাডের ওপর এখন ময়লা ফেলতে হচ্ছে।' তিনি জানান, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জমি ক্রয় ও ডাম্পিং স্টেশন স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তবে সেই প্রস্তাব বাতিল করে সরকারি খাস জমিতে ব্যবস্থা করার নির্দেশনা আসায় তারা সেই অনুযায়ী কাজ করছেন।




























