গোয়ালন্দে ঘরে ঢুকে চা দোকানিকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় নিজ ঘরে ঢুকে মো. ফারুক শেখ (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর জামতলা ইছাক মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই এলাকার খালেক শেখের ছেলে এবং তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে একটি চায়ের দোকান চালাতেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফারুক প্রতিদিনের মতো শুক্রবার রাতেও দৌলতদিয়া যৌনপল্লীর চায়ের দোকানেই ছিলেন। শনিবার সকালে কাজ শেষে বাড়ি ফিরে তিনি নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় ঘরের দরজাটি খোলাই ছিল। পরিবারের ধারণা, এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও হাতে আঘাত করে পালিয়ে যায়।
দুপুরের দিকে ফারুকের বড় ভাই ফরিদ শেখ তার জন্য খাবার নিয়ে বাড়িতে আসেন। ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকতেই তিনি ফারুককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ফরিদ শেখের চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।
ফরিদ শেখ জানান, দুপুর ২টার দিকে খাবার নিয়ে এসে দেখেন ঘর খোলা এবং মেঝেতে রক্তাক্ত অবস্থায় ফারুক পড়ে আছে। পরে তিনি সবাইকে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফারুক একাধিক বিয়ে করলেও বর্তমানে তার কোনো স্ত্রী ছিল না।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এছাড়া আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


























