সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটা বন্ধে বন বিভাগকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- আপডেট সময় : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’। শনিবার (২২ আগস্ট) দুপুরে সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বন বিভাগের কথিত সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশটি সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্যসচিব সুজন তালুকদার এবং দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান। সমাবেশে সামাজিক বনায়নের সুবিধাভোগী প্রতিনিধি ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বন বিভাগকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর অঞ্চলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে এ বিষয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




























