দিল্লিতে বিক্ষোভ: নিরাপত্তা শঙ্কায় ১৬ মেট্রো স্টেশন বন্ধ

- আপডেট সময় : ০৮:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ছাত্র ও যুব বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতির কারণে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির পথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ডিএমআরসি জানায়, 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র ডাকা বিক্ষোভের কারণে ব্লু, ইয়েলো ও ভায়োলেট লাইনের বিভিন্ন স্টেশনে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বন্ধ থাকা স্টেশনগুলোর তালিকায় রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম। তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে যাত্রীদের ট্রেন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখা হয়েছে।
স্টেশনগুলোর গেট বন্ধ থাকলেও ট্রেনগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে এবং স্টেশনে থামছে। তবে যাত্রীরা স্টেশন থেকে বের হওয়ার সময় পুলিশি ব্যারিকেডের মুখে পড়ছেন। এর ফলে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প স্টেশনে নামতে হয়েছে এবং বাইক ট্যাক্সি বা অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করতে হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মান্ডি হাউসসহ বিভিন্ন স্টেশনের বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গেট বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে।
ডিএমআরসি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনগুলো পুনরায় খুলে দেওয়া হবে, তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বন্ধ থাকা স্টেশনগুলোর বাইরে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমআরসি জানায়, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা ছাত্র ও যুব বিক্ষোভকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে ব্লু, ইয়েলো ও ভায়োলেট লাইনের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে।



























