Header Premium (728×90)

Categories: রাজনীতি

মন্ত্রিসভায় প্রথম রদবদল: মিশ্র প্রতিক্রিয়া ও আরও পরিবর্তনের আভাস

সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভার প্রথম রদবদল হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই তিনজন নতুন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। একই সঙ্গে একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। এছাড়া একজন মন্ত্রীর দপ্তর বদল এবং আরেকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। এই রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার-সংশ্লিষ্টদের কেউ কেউ এটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত ছয় মাসের কর্মমূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে কয়েকটি শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন ও রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখছেন।

এর মধ্যেই আবার মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলছে, কয়েক সপ্তাহের মধ্যে আরেক দফা পরিবর্তন হতে পারে। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের আলোচনায় তা সেপ্টেম্বর পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও রয়েছে। গত শুক্রবারের পরিবর্তনের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ছয়জন মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

এবারের রদবদলের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মন্ত্রিসভার কাঠামো নিয়ে। সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের পর কয়েকটি মন্ত্রণালয়ে একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও একই মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন। তুলনামূলক ছোট কয়েকটি মন্ত্রণালয়েও রাখা হয়েছে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃচ্ছ্রসাধনের প্রশ্ন। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর মিতব্যয়িতা সরকার ও প্রশাসনে একটা ইতিবাচক বার্তা দিলেও মন্ত্রিসভার আকার বেড়ে যাওয়ায় সেই বার্তার কিছুটা বৈপরীত্য নিয়েও আলোচনা রয়েছে। সর্বশেষ পরিবর্তনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রীর সঙ্গে দুজন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী আগে দেখা যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খান কৃষি এবং রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ ও পরিকল্পনা এবং ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসনের দায়িত্বে রয়েছেন। আর প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবির ২১ আগস্ট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তাঁর দায়িত্বে পরিবর্তন এসেছে। নতুন করে রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন জহির উদ্দিন স্বপন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আগে থেকেই প্রতিমন্ত্রী আছেন শামা ওবায়েদ ইসলাম। নতুন যুক্ত হলেন হুমায়ুন কবির। দুই প্রতিমন্ত্রীর কার কী দায়িত্ব হবে, সেটা এখনো আলাদা করে জানানো হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একটি মন্ত্রণালয়ে কয়েকজন প্রতিমন্ত্রী থাকতে অসুবিধা নেই। সরকারের কাজের গতি বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্কে মন্ত্রীর সঙ্গে একাধিক প্রতিমন্ত্রী থাকতে পারেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয় হলেও এখানে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা রয়েছেন। পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান রয়েছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আছেন আরিফুল হক চৌধুরী। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন নুরুল হক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন মাহদী আমিন, যিনি আরও তিনটি মন্ত্রণালয়ের (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থান) দায়িত্বে আছেন।

আড়াই মাসের বেশি সময় শূন্য থাকা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি সাচিং প্রু জেরীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। সেখানে আগে থেকেই মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আগে থেকে আছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সেখানে নতুন প্রতিমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ শামীম কায়সারকে। তাঁকে নিয়ে হেফাজতে ইসলামসহ এই ঘরানার আলেমরা ইতিমধ্যে আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছেন। তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, পরিকল্পনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা—তিন স্তরের নেতৃত্ব রয়েছে। স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পাশাপাশি বিষয়ভিত্তিক বিশেষ সহকারীও আছেন। সর্বশেষ পরিবর্তনে বিএনপির নির্বাচনী জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট সময় পর মন্ত্রিসভার কার্যক্রমের মূল্যায়ন হবে এবং প্রয়োজন অনুযায়ী রদবদল করা হবে। ভবিষ্যতেও আবার মূল্যায়ন হবে এবং মন্ত্রিসভায় আরও পরিবর্তন আনা হতে পারে। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় আরেক দফা সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টন হতে পারে। তখন কয়েকজন নতুন মন্ত্রী এবং বিশেষ করে প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। যেসব মন্ত্রীর অধীন একাধিক মন্ত্রণালয় রয়েছে, সেসব ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মন্ত্রিসভা পুনর্গঠন বা দপ্তর পুনর্বণ্টন করা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং এটি সরকারের রুটিন কাজ। ১৯৯১ সালের পর রাজনৈতিক সরকারগুলোর মধ্যে বর্তমান ৫১ সদস্যের মন্ত্রিসভার চেয়েও বড় ছিল তিনটি মন্ত্রিসভা। ২০০৯-১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ৬২ জন, ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের এবং ২০১৪-১৯ মেয়াদে ছিল ৫৯ সদস্যের মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের শুরুতেই ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও সম্প্রতি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও বিশেষ সহকারীদের নিয়ে গঠিত একটি কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম ১৮০ দিনের অর্জন, কর্মকাণ্ড ও সীমাবদ্ধতা পর্যালোচনা করছে।অর্থাৎ ছয় মাসের কর্মমূল্যায়ন শুরু হয়েছে—এ নিয়ে সংশয় নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

5 minutes ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

15 minutes ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

45 minutes ago

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

1 hour ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

1 hour ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

1 hour ago

This website uses cookies.