Header Premium (728×90)

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মাসে গলায় ফাঁস দিয়ে ১০০ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ছয় মাসে কেবল গলায় ফাঁস দিয়েই জেলাটিতে প্রাণ হারিয়েছেন ১০০ জন। এ ছাড়া বিষপানসহ নানা উপায়ে আত্মহত্যার ঘটনা প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও ঘটছে। সম্প্রতি অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই উদ্বেগজনক চিত্র উঠে আসার পর এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর সংখ্যা ছিল শতক ছোঁয়া। এর মধ্যে জানুয়ারি মাসে ১৩ জন, ফেব্রুয়ারি মাসে ১২ জন, মার্চ মাসে ১৯ জন, মে মাসে ১৫ জন এবং জুন মাসে ২০ জন গলায় ফাঁস দিয়ে মারা যান। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে এপ্রিল মাসে, যার সংখ্যা ২১ জন। একই সময়ে জেলায় অপমৃত্যুর তালিকায় নাম উঠেছে আরও ৮৫ জনের। অপমৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৬ জন করে, মার্চ মাসে ১৯ জন, এপ্রিলে ১১ জন, মে মাসে ২০ জন এবং জুন মাসে ২৩ জনের অপমৃত্যু হয়েছে। এ ছাড়া সদ্য সমাপ্ত জুলাই মাসেও ২৩ জন আত্মহত্যা করেছেন এবং চলতি আগস্ট মাসের প্রথম কয়েকদিনেও বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় আত্মহত্যার এই ভয়াবহ পরিসংখ্যান উপস্থাপিত হলে উদ্বেগ প্রকাশ করেন সভার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। তিনি প্রশ্ন তোলেন, জেলায় আত্মহত্যার হার এত বেশি কেন এবং এর পেছনে কী কারণ রয়েছে। এ বিষয়ে সমাজসেবা বিভাগের কোনো কার্যক্রম আছে কিনা তা জানতে চাইলে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তা জানান, এই সংক্রান্ত তাদের কোনো নির্দিষ্ট কর্মসূচি বা প্রোগ্রাম নেই।

জেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক কয়েকটি ঘটনা আত্মহত্যার এই বাস্তব চিত্রকে আরও স্পষ্ট করে তোলে। গত ১৬ই আগস্ট ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বলা গাজী বাড়িতে বিষপানে জসিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ অটোরিকশাচালক আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান, যেখানে লেখা ছিল—‘এই দুনিয়া ছেরে গেলাম, আপন কেও হলনা, বড় ছেলে কে ডাকিলাম তোর মাকে দেহেযা, সে আসিলনা, মাসুমার জ্বালা আর পারিলামনা’।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পুত্রবধূ মাছুমার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে অভিমান করে সেদিন ভোর ৪টার দিকে গ্রামের একটি মসজিদের বারান্দার সামনে কীটনাশক পান করেন জসিম উদ্দিন। পরে মসজিদের লোকজন বিষয়টি পরিবারকে জানালে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহতের ছেলে হাসান মিয়া অভিযোগ করেন, তার স্ত্রী কখনো তার সরল বাবাকে যথাযথ সম্মান করতেন না এবং তার তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করতে না পেরেই তার বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার পর থেকে তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছেন।

এদিকে নবীনগর উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে মারুফা বেগম (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ৯ই আগস্ট রাত ১০টার দিকে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের পূর্বপাড়ার বাবার বাড়িতে পারিবারিক কলহের জেরে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মারুফা ওই গ্রামের কালু মিয়ার মেয়ে। প্রায় সাত বছর আগে একই ইউনিয়নের বিদ্যাকুট মধ্যপাড়ার সত্তর মিয়ার ছেলে অটোরিকশাচালক আমিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

অন্য একটি ঘটনায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার ও জন্ডিস রোগে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা করেছেন নোয়াব মোল্লা (৯০) নামে এক বৃদ্ধ। নাসিরনগর উপজেলার এই বাসিন্দা গত ৮ই আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কীটনাশক পান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ই আগস্ট তিনি মারা যান। নিহতের মেয়ে শামসুন্নাহার জানান, তার বাবাকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে চিকিৎসার কোনো ত্রুটি করা হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত…

24 minutes ago

বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি দ্বিচারিতার আশ্রয়…

34 minutes ago

বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ভোলার বোরহানউদ্দিনে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বাজার সংযোগ বিষয়ে আলোর দিশারী সংস্থার উদ্যোগে আয়বর্ধনমূলক…

44 minutes ago

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

1 hour ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

1 hour ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

1 hour ago

This website uses cookies.