রাজধানীর মিরপুর-১ এলাকায় লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের বিরোধে কয়েকজন মালিককে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী। তিনি এই হামলার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী জানান, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে তাঁর লেগুনার চালক গাড়িতে সমস্যা থাকার কথা জানালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত একদল লোক প্রতি গাড়ি থেকে প্রতিদিন ৩০০ টাকা করে চাঁদা দাবি করে। এতে তিনি আপত্তি জানালে তাঁকেসহ নজরুল ইসলাম ও বাবুল নামের আরও দুই লেগুনা মালিককে ৬০ থেকে ৭০ জন মিলে মারধর করে। হামলার একপর্যায়ে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের গুলি করার হুমকি দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় আগ্নেয়াস্ত্র বের করার দৃশ্য দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইয়াকুব আলী আরও অভিযোগ করেন, মারধরের পর তাঁকেই উল্টো চাঁদাবাজ সাজিয়ে দারুস সালাম থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। মারধরে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে প্রথমে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আদালতে পাঠানো হয়। তবে চাঁদাবাজির কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় আদালত থেকে তিনি মুক্তি পান। এরপর তিনি হামলার ঘটনায় দারুস সালাম থানায় মামলা বা অভিযোগ করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তী সময়ে তিনি পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের (ডিসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এই বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, মারধরের সময় ইয়াকুব আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল। পরে স্থানীয়ভাবে তদন্ত করে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিন পাওয়ার পর তিনি থানায় যে অভিযোগটি করতে এসেছিলেন, সেটির কোনো সুনির্দিষ্ট ভিত্তি না থাকায় তা নেওয়া হয়নি। তবে তিনি ডিসি বরাবর অভিযোগ দিয়েছেন, যা তদন্ত করে দেখা হবে।
লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, ঢাকা-১৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এ সিদ্দিক সাজুর অনুসারী হিসেবে পরিচিত একটি গোষ্ঠী মিরপুর-১ এলাকার পাঁচটি লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে এবং মাসে তিন লাখ টাকা চাঁদা দিতে মালিকদের ওপর চাপ দেওয়া হচ্ছে। এই চাঁদাবাজির সঙ্গে বিপ্লব, সোলেমান দেওয়ান, ফারুক হোসেন, মহব্বত আলী, মাভেল ভূঁইয়া, তৈয়ব আলী, আলমগীর হোসেন, কানা পলাশ, রাসেল, শামীম, মজিবর রহমানসহ ৬০ থেকে ৭০ জন জড়িত রয়েছেন।
ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাবেক ও বহিষ্কৃত নেতা। তাঁদের মধ্যে সোলেমান দেওয়ান শাহ আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মহব্বত আলী দারুস সালাম থানা শ্রমিক দলের বর্তমান সদস্যসচিব এবং মাভেল ভূঁইয়া শাহ আলী থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক। তাঁরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি ও স্ট্যান্ড নিয়ন্ত্রণ করছেন। শুধু লেগুনা স্ট্যান্ডই নয়, মিরপুর-১-এর কাঁচাবাজার, ফুটপাত, ভ্যানগাড়ি রাখার জায়গা এবং বিদ্যুৎ ও পানির ব্যবসা থেকেও চাঁদা আদায় করা হচ্ছে বলে সাইদুর রহমান অভিযোগ করেন। তিনি জানান, ২০ থেকে ৩০ জনের একটি দল সকাল থেকে রাত পর্যন্ত স্ট্যান্ডগুলোতে অবস্থান করায় সাধারণ মালিকেরা সেখানে যেতে পারছেন না। এ অবস্থায় তাঁরা সরকার ও প্রশাসনের সহায়তা চান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোলেমান দেওয়ান বলেন, তিনি মারধরের এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিতর্কিত হয়ে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আসন্ন কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কারণে রাজনৈতিকভাবে হেয় করতে তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে।
অন্যদিকে এস এ সিদ্দিক সাজু জানান, লেগুনাশ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে মারামারি হওয়ার কথা তিনি শুনেছেন। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তাঁরা কেউ এই ঘটনায় সম্পৃক্ত নন বলে তিনি জেনেছেন। তিনি রাজনীতি করার কারণে তাঁর অনুসারী থাকতেই পারে, তবে কেউ লেগুনা ব্যবসা বা এই মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন।
চাঁদপুরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান তানিমকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ…
হারিয়ে যাওয়া প্রেম ও স্মৃতির আবেগকে কেন্দ্র করে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘হঠাৎ তুমি’ গত ৩…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অচেতন অবস্থায় রেখে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের…
স্তন ক্যান্সার প্রতিরোধ ও সঠিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আগামীকাল ১০ অক্টোবর দেশজুড়ে পালিত…
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়…
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটিক পার্টির…
This website uses cookies.