Header Premium (728×90)

Categories: জাতীয়

ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান

শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে উদ্দেশ করে ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে’—এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ইতিমধ্যে এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে নড়িয়া উপজেলার বাংলা বাজার এলাকায়। সেখানে নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে মতিউর রহমান সাগরের সঙ্গে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাগরের লোকজন অর্ণবের চাচা আব্দুস সালামকে মারধর করে এবং তাঁকে ‘ফ্যাসিস্ট’ ও ‘যুবলীগ’ আখ্যা দিয়ে থানায় ধরে নিয়ে যায়। মতিউর রহমান সাগর দাবি করেন, আব্দুস সালাম তাঁর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ও পুড়িয়ে ফেলেছেন, তাই তাঁকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখাতে হবে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে আব্দুস সালামের বিরুদ্ধে সরাসরি কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁকে ছেড়ে দিতে চাইলে মতিউর রহমান সাগর ক্ষুব্ধ হন এবং ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, পুলিশ অভিযোগটি যাচাই করে দেখেছে এবং এটি সাধারণ হাতাহাতির ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। হাতাহাতির ঘটনাটি আব্দুস সালামের ভাইয়ের সঙ্গে ঘটেছিল, যে কারণে আব্দুস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে। ওসিকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা রাষ্ট্রের জন্য কাজ করি এবং আমাদের কোনো ভুল হলে রাষ্ট্র দেখবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়ে কেউ হেনস্তার শিকার হলে সেটিও রাষ্ট্র দেখবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভুক্তভোগী আব্দুস সালাম জানান, বড় ভাইয়ের জমিতে সাইনবোর্ড লাগানো নিয়ে বিরোধের জেরে তাঁর ভাইয়ের সঙ্গে সাগরের বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ভাইকে মারধর করা হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে সেখান থেকে চলে আসেন, কিন্তু কিছুক্ষণ পর তাঁর বাড়ির সামনে ৮ থেকে ১০ জন লোক এসে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে যুবলীগের ট্যাগ দিয়ে থানায় নিয়ে আটকের চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ঘড়িষার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বলেন, তাঁর ভাগিনা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। সেই শহীদকে মতিউর রহমান সাগর ছাত্রলীগের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি জানান, তিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সাগরের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বাংলা বাজার এলাকা থেকে মতিউর রহমান সাগরকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ জানান, এর আগেও সাগরের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ ছিল। এমনকি ইউএনও, এসিল্যান্ড ও পুলিশ সুপারকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, এসব ঘটনায় দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সাগর দলীয় কার্যালয়ে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। বিষয়টি নিয়ে তিনি দলের কাছে একটি প্রতিবেদনও দিয়েছেন। আমরা চাইলেই যেকোনো সময় একজন কর্মীকে বহিষ্কার করার ক্ষমতা রাখি না। তদন্ত করে বিষয়টি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে পাঠানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির…

26 minutes ago

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্স জানিয়েছে,…

27 minutes ago

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…

39 minutes ago

নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…

43 minutes ago

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…

58 minutes ago

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড়

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…

1 hour ago

This website uses cookies.