Header Premium (728×90)

Categories: জাতীয়

পেনশনের টাকা আত্মসাৎ: অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে নতুন তদন্ত কমিটি

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশনের টাকা জালিয়াতির ঘটনা তদন্তে একটি নতুন শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) চালুর পর থেকে সব ধরনের অস্বাভাবিক বকেয়া পেনশন বিল খতিয়ে দেখতে এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব পেনশনারের কোনো পাওনা না থাকা সত্ত্বেও অর্থ পরিশোধ করা হয়েছে, তা চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দায়ও নিরূপণ করবে এই কমিটি।

আজ রোববার কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের (সিজিডিএফ) কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে নতুন এই তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২৪ আগস্ট সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়ের কতিপয় পেনশনারের নামে সন্দেহজনক ইএফটির মাধ্যমে অর্থ স্থানান্তরের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রাথমিক প্রতিবেদনে বিষয়টির আরও গভীর ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করায় নতুন করে এই তদন্ত কমিটি গঠন করা হলো।

নতুন গঠিত তিন সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (এসিসিডিএফ) আর্মি (সিভিল) এ কে এম হাছিবুর রহমানকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার) কার্যালয়ের ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার মোছা. বিউটি খাতুন। এছাড়া এসিসিডিএফ (আর্মি, জেসিও অ্যান্ড ওআর) মো. আরিফুর রহমানকে কমিটির সদস্য করা হয়েছে। এর আগের কমিটিতেও এ কে এম হাছিবুর রহমান আহ্বায়ক এবং বিউটি খাতুন সদস্য হিসেবে ছিলেন। তবে আগের কমিটির সদস্যসচিব ও ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএফসি) মো. মফিজুর রহমানকে নতুন কমিটিতে রাখা হয়নি। মফিজুর রহমান ২০২১ সাল থেকে ২০২৫ সালের ৪ আগস্ট পর্যন্ত ওই কার্যালয়ে কর্মরত ছিলেন, যা তদন্তাধীন সময়ের প্রায় ১৩ মাস জুড়ে ছিল। ফলে তাঁর সম্পৃক্ততায় স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হওয়ার আশঙ্কা থেকে তাঁকে এই নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

নতুন কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়ে ইএফটি কার্যক্রম শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত যেসব পেনশনারকে অস্বাভাবিক বকেয়া পেনশন দেওয়া হয়েছে, তাঁদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও যাচাই করতে হবে। একই সঙ্গে কোনো পাওনা না থাকা সত্ত্বেও যেসব পেনশন বিল পরিশোধ করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে এর পেছনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দায়দায়িত্ব নির্ধারণ করতে হবে। পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশের আলোকে পুরো বিষয়টি আরও গভীরভাবে যাচাই করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সিজিডিএফের কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের প্রয়োজনে কমিটি চাইলে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

অনুসন্ধানে সিসিডিএফ কার্যালয়ে পেনশনের বাইরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ পাঠানোর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ জন পেনশনভোগীর নামে ৩৪৬টি ভুয়া বকেয়া পেনশন বিল তৈরি করে মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সিসিডিএফ কার্যালয়ের সাবেক দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তদন্তের তথ্য অনুযায়ী, অনুমোদনহীন বকেয়া বিল তৈরি করে পেনশনভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হতো। এরপর নির্দিষ্ট কমিশন রেখে বাকি টাকা কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ফেরত নেওয়া হতো। পরবর্তীতে ভুয়া ট্রেজারি চালানের মাধ্যমে সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত এসেছে বলে নথিপত্রে সমন্বয়ের চেষ্টা করা হতো। উদাহরণস্বরূপ, ১৫ হাজার টাকা পেনশনের বিপরীতে ব্যাংক হিসাবে অতিরিক্ত ৪ লাখ টাকা পাঠিয়ে তা সরিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.