আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও নির্মাণ শিল্পের বিদ্যমান জটিলতা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় অবকাঠামো ‘ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি’ (টিএসডিএফ) দ্রুত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়াতে চট্টগ্রাম থেকেই ফাইল অনুমোদনের ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এতে বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান অংশ নেন।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জাহাজের নতুন ক্রয়াদেশ পেতে হলে বাংলাদেশকে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। এ জন্য জাহাজ নির্মাণে শীর্ষস্থানীয় দেশগুলোর নীতিমালাকে মানদণ্ড ধরে দেশীয় প্রক্রিয়াগুলো সহজ করা হবে। বিদেশি ক্রেতাদের জন্য কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো দ্রুত করার তাগিদ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, নিয়মকানুন সহজ করার লক্ষ্যে তাঁর নেতৃত্বে একটি বিশেষ কমিটি কাজ করছে, যার সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও (বিডা)। তিনি কেবল আইন প্রণয়ন নয়, বরং তার যথাযথ প্রয়োগ ও পরিপালনের ওপর জোর দিয়ে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে কাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। এছাড়া জাহাজ নির্মাণ শিল্পের অর্থায়ন ও আটকে থাকা ঋণের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, পুরোনো ঋণের জটিলতায় সময় নষ্ট না করে বর্তমান সংকট কাটিয়ে খাতটিকে এগিয়ে নেওয়ার পথ খুঁজতে হবে।
সভায় পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, টিএসডিএফ না থাকায় ইউরোপীয় জাহাজের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশে কাজ করতে দ্বিধা করছে এবং বিকল্প দেশ বেছে নিচ্ছে। এর ফলে এই শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ইউরোপীয় জাহাজে থাকা উন্নতমানের পুনর্ব্যবহারযোগ্য উপাদান আকৃষ্ট করতে দ্রুত বর্জ্য শোধন, সংরক্ষণ ও নিষ্পত্তির অবকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন তিনি। দেশের আবাসন ও রি-রোলিং শিল্পে স্ক্র্যাপের চাহিদার কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক কনভেনশন পরিপালন ও শিল্পের কার্যক্রম সচল রাখার মধ্যে সমন্বয়ের পরামর্শ দেন।
শিল্পসচিব আব্দুন নাসের খান সভায় কার্যপত্র উপস্থাপন করে জানান, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম গতিশীল করতে ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের ওয়ার্কিং গ্রুপ কাজ শুরু করেছে। হংকং কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিন ইয়ার্ড নির্মাণের নির্দেশিকা প্রণয়ন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের কাজ চলছে। বিশেষ করে, পরিবেশ ছাড়পত্র পেতে ৪৫ থেকে ৬০ দিনের বিলম্ব এড়াতে স্থানীয়ভাবে চট্টগ্রাম থেকেই ফাইল অনুমোদনের ব্যবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও উল্লেখ করেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাতকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হংকং কনভেনশন বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। কোনো ঘাটতি বা অস্পষ্টতা থাকলে জাতীয় সনদের মাধ্যমে তা সমাধান করা হবে। পরিবেশগত মান নিশ্চিত করা হলেও অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করে এই সম্ভাবনাময় খাতের অগ্রগতি বাধাগ্রস্ত করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার…
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন খিলগাঁও থানার হত্যা…
রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইন ও…
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ শৈশব…
This website uses cookies.