কবাখালী ছাত্র একাদশের জয়, খালেদা জিয়া স্মৃতি ফুটবল শিরোপা
- আপডেট সময় : ০১:৫৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ফাইনালে মিলনপুর একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জয় করেছে কবাখালী ছাত্র একাদশ। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি ঘিরে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কবাখালী স্পোর্টিং ক্লাব ও হাচিনসন পুর স্পোর্টিং ক্লাব যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করে। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে লিপ্ত থাকলেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। পেনাল্টি শুটআউটে কবাখালী ছাত্র একাদশের পাঁচ খেলোয়াড়ই গোল করতে সক্ষম হন, অন্যদিকে মিলনপুর একাদশ একটি শট মিস করায় ৫-৪ ব্যবধানের জয় নিশ্চিত হয় কবাখালীর।
পুরো ম্যাচ জুড়ে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে দীঘিনালা মিনি স্টেডিয়াম মুখর ছিল। ফাইনাল খেলাটি উপভোগ করতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

























