কুড়িগ্রামসহ তিন জেলার দায়িত্বে এলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক গেজেটের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। এই নতুন সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশেষ করে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের নদী, চর আর সবুজ ঘেরা জনপদে রয়েছে নানা সম্ভাবনা ও সংকট। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে প্রতিমন্ত্রীর বিশেষ নজর প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে নদীভাঙন ও যাতায়াত সংকটের কারণে চরাঞ্চলের শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জেলাবাসীর আশা, প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে এসে এসব বাস্তব চিত্র দেখবেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।
উন্নয়নমূলক কাজের পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধ করা এবং তরুণদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবিও রয়েছে স্থানীয়দের। প্রতিমন্ত্রীর এই নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “কুড়িগ্রামবাসীর কাছে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দায়িত্ব পেয়েছেন। এ খবরে খুশি জেলাবাসী। এই নতুন দায়িত্বটি শুধু প্রশাসনিক একটি পদক্ষেপ নয়, বরং জেলার দীর্ঘদিনের সমস্যাগুলোর উত্তরণ হবে বলে বিশ্বাস করি।”



























