গোয়ালন্দে রাতের অন্ধকারে ধরন্ত কয়েক হাজার ভুট্টা গাছ কর্তন
- আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮৪ বার পড়া হয়েছে

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার দুই কৃষক ভাইয়ের ৬ বিঘা জমির ধরন্ত ভুট্টা খেতের অনেক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীররাতের কোন এক সময় দুর্বৃত্তরা ধারালো ছ্যান বা কোন বস্তু দিয়ে কয়েক হাজার গাছ কেটে ফেলে। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক হাসেম মৃধা ও তার ভাই আব্দুর রাজ্জাক মৃধার দাবী।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসেম মৃধা উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
হাসেম মৃধা ও তার ভাই রাজ্জাক মৃধা বলেন, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী অনিক মৃধা বাড়ির পিছনে মাঠে গেলে কিছু ভুট্টা গাছ কাটা পড়ে থাকতে দেখে। তিনি তাৎক্ষনিকভাবে তাদেরকে মুঠোফোনে অবহিত করেন। খবর পেয়ে তারা দুই ভাই (হাসেম মৃধা ও রাজ্জাক মৃধা) ভুট্টা খেতে গিয়ে দেখেন বিভিন্ন স্থানে কাটা গাছ অবস্থায় পড়ে আছে। বাড়ির সামনে মৃধাডাঙ্গা সড়ক পার হয়ে পশ্চিমে রোপন করা প্রায় চার বিঘা জমির বিভিন্ন স্থানে গোড়া থেকে কাটা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাড়ির পাশে পূর্ব দিকে রোপন করা আরো দুই বিঘা জমিতেও ধরন্ত ভুট্টা খেতের সারিবদ্ধভাবে গোড়া থেকে কেটে ফেলা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
হাসেম মৃধা বলেন, রাস্তার পূর্ব পাশে ৪ বিঘা জমিতে সাড়ে তিন মাস আগে ভুট্টা রোপন করা হয়। এর এক মাস আগে বাড়ির পাশে রাস্তার পূর্ব পাশে আরো দুই বিঘা জমিতে ভুট্টা খেত রোপন করেন। দেড় মাস পরই এই দুই বিঘা জমির ভুট্টা তুলতে পারতেন। ভুট্টা খেত রোপন করতে তাদের ৮০ থেকে ৯০ হাজার টাকার মতো ব্যায় হয়েছে। অথচ রোববার (১২ ফেব্রুয়ারী) রাতের কোন সময় দুর্বৃত্তরা ধারালো ছ্যান জাতীয় বস্তু দিয়ে গোড়া থেকে কেটে ফেলে। এতে অন্তত দুই হাজারের বেশি গাছ কাটা পড়েছে।

আরেক ভাই কৃষক আব্দুর রাজ্জাক মৃধা বলেন, কে বা কারা এভাবে ধরন্ত ভুট্টা গাছ কেটে ফেলেছে আমাদের জানা নেই। এসব গাছ কেটে ফেলা আর আমার নিজের সন্তানকে মেরে ফেলা সমান কথা। এতে অন্তত দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
স্থানীয় পাপ্পু মৃধা বলেন, রাজ্জাক মৃধা ও হাসেম মৃধা দুই ভাই এলাকার মধ্যে অবস্থা সম্পন্ন কৃষক। তারা প্রতি বছর ৮-৯ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেন। এ বছরও নিজস্ব ৬ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। সোমবার সকালে তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেখতে পান সব খেতের পাশে, মাঝ বরাবর লাইন ধরে কোথাও এলোপাথারীভাবে কাটা ভুট্টা গাছ পড়ে আছে। এভাবে ধরন্তা ভুট্টা গাছ কেটে ফেলা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এমন ঘৃণিত কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা। তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না। এমন অবস্থার মধ্যে কৃষক পরিবারের ধরন্ত শত শত ভুট্টা গাছ কেটে ফেলা খুবই ন্যাক্কারজনক। এমন জঘন্য কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষক পরিবারকে থানায় মামলা দায়ের করতে অনুরোধ জানিয়েছি।















