সমবায় কর্মকর্তার মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২৯ মে) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা অফিসার্স কোয়ার্টার থেকে উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের (৫০) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির পরিষদের অফিসার্স কোয়ার্টারে থাকতেন। আজ সকালে পাশের রুমের এক অফিসার (আইসিটি) তাঁকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে ডাকাডাকির একপর্যায়ে সবাই মিলে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
রাতের কোনো এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম জানান, ‘পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের ঢাকাস্থ পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’



















