“বিদ্রোহী না পরিশোধিত: আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?”
- আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, দলটি নিয়ে দুটি সম্ভাব্য পথ ভাবা হচ্ছে।
একটি মতামত বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে একটি নতুন ‘বিদ্রোহী আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, আরেকটি ধারণা হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব প্রতিষ্ঠা করে ‘পরিশোধিত আওয়ামী লীগ’ নির্বাচনে অংশ নেবে।
এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সরকারকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। অন্তর্বর্তী সরকারের একটি অংশও চাইছে, শেখ হাসিনাবিরোধী আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক। তবে এর জন্য শর্ত হিসেবে জুলাই গণহত্যা, বিতর্কিত নির্বাচন, গুম-খুন, অর্থপাচারের মতো ইস্যুগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিছু মহল এই প্রক্রিয়াকে ‘সমঝোতা’ বা ‘রিকনসিলিয়েশন’ হিসেবে দেখছে।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে কয়েকজন এ ধারণার প্রতি ইতিবাচক মনোভাব দেখালেও, বাস্তবায়নের পথ এখনও অনিশ্চিত। বিএনপির সূত্রগুলো জানিয়েছে, যদি শেখ হাসিনা ও তার সরকারের বিতর্কিত ব্যক্তিরা নির্বাচনের বাইরে থাকেন, তাহলে তারা আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি তুলবে না।
এ পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্বে পরিবর্তনের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় এসেছেন সরকারের এক সময়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তবে তিনি বিদ্রোহী হিসেবে আত্মপ্রকাশ করতে চান না বলে জানা গেছে।
সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে আওয়ামী লীগের করণীয় কী হবে, তা নিয়ে কৌশলী হিসাব-নিকাশ চলছে।























