টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক
- আপডেট সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তার মালিকানাধীন দুই বৃহৎ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সকে একীভূত করার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, এই দুটি কোম্পানিকে একীভূত করা একটি ‘ভালো ধারণা’ হতে পারে। এই বিষয়ে আলোচনার জন্য কোম্পানি দুটির পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মাস্কের এই মন্তব্যের পর স্পেসএক্স-এর শেয়ারের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মাস্ক বর্তমানে টেসলার প্রায় এক-পঞ্চমাংশ এবং স্পেসএক্সের অর্ধেকের সামান্য কম মালিকানার অধিকারী। বিশ্লেষকদের মতে, কোম্পানি দুটি একীভূত হলে নতুন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ মাস্কের হাতেই থাকবে। তবে এই একীভূতকরণ এখনই নিশ্চিত নয়। মাস্ক জানিয়েছেন, বিষয়টি বিশেষ কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি নিজে এই চুক্তির একটি পক্ষ হওয়ায় স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত ওই কমিটির আলোচনায় সরাসরি অংশ নিতে পারছেন না। শেয়ারহোল্ডারদের অনুরোধেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা তাদের হাতেই রয়েছে।
একীভূতকরণের যৌক্তিকতা তুলে ধরে মাস্ক জানান, সুপারইন্টেলিজেন্স সফটওয়্যার, চিপ ডিজাইন, টেরাফ্যাব, রোবোটিকস এবং স্টারমাইন্ড কনস্টেলেশনের মতো ক্ষেত্রে যৌথ কার্যক্রম অনেক সুবিধা বয়ে আনবে। এর মধ্যে চিপ তৈরির যৌথ উদ্যোগ টেরাফ্যাব আগামী বছরের মে বা জুনের মধ্যে তাদের প্রথম টেস্ট চিপ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে এবং ২০২৮ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে ব্যাপক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধিতে মাস্ক আশাবাদী। তার প্রত্যাশা, ২০২৭ সালের শেষ নাগাদ কোম্পানির বার্ষিক আয় ৬১ লাখ ৭৩ হাজার কোটি টাকা থেকে ১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার কোটি টাকার মধ্যে পৌঁছাবে। পাবলিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে। এদিকে, রয়টার্সের সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার গতি বেড়েছে এবং টেসলা এই প্রক্রিয়ার জন্য একটি বিনিয়োগ ব্যাংকের সঙ্গে কাজ করছে। বার্কলেস ইঙ্গিত দিয়েছে যে ডিসেম্বরে টেসলার বার্ষিক সভার আগেই এই চুক্তির ঘোষণা আসতে পারে। তবে মাস্ক সতর্ক করে বলেছেন, বিশেষ কমিটিগুলো এখনো চুক্তির শর্তাবলীতে একমত হয়নি এবং এমনও হতে পারে যে তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না।



























