সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বিদ্যালয়ের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য কেবল শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়, অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী কি না এবং সময়মতো বাড়ির কাজ সম্পন্ন করছে কি না, এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। তিনি আরও বলেন, বিয়াশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠুক, এটাই বিদ্যালয়ের প্রত্যাশা।
শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাদের মতে, প্রত্যেক শিক্ষার্থীর মেধা অনুযায়ী তাকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবক উভয়কেই নিতে হবে।
অনুষ্ঠানে ডাহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষক আয়েন উদ্দিনের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


























