হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ বলে দাবি করলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৮:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারোলাইনায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। এমন এক সময়ে তিনি এই দাবি করলেন যখন ইরানের জাহাজ ও বন্দর ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ চলছিল এবং একই সাথে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটাতে আলোচনার চেষ্টা চালাচ্ছিল।
দক্ষিণ ক্যারোলাইনায় সিনেটর ডার্লিন গ্রাহামের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প তাঁর মনোভাব প্রকাশ করে বলেন, “আমরা আদৌ জিতেছি কি না, সেটাও জানি না। কারণ, এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখি।” উল্লেখ্য, ডার্লিন গ্রাহাম তাঁর প্রয়াত ভাই লিন্ডসে গ্রাহামের শূন্য হওয়া সিনেট আসনটি স্থায়ীভাবে পূরণের লক্ষ্যে প্রার্থী হয়েছেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইরানের ওপর নতুন করে হামলা চালানোর ইঙ্গিতও দেন ট্রাম্প। শুক্রবার রাতের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন যে, তাঁদের হাতে এখনও সময় আছে। এরপর তিনি তাঁর অভিবাসনবিরোধী নীতির সমর্থনে নির্বাচনী সভাগুলোতে প্রায়ই আবৃত্তি করা ‘দ্য স্নেক’ কবিতাটি পাঠ করেন। একপর্যায়ে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আমাকে আর কী করতে হবে? গিয়ে ইরানে আরো কিছু বোমা ফেলতে হবে?”





























