কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-র তরুণ উদ্ভাবকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশকে আরও এগিয়ে নিতে দেশের উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী দলের সদস্যদের সঙ্গে এক সাক্ষাৎকালে সরকারপ্রধান এই আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা এই তথ্য নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনায় প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকদের অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাক্ষাৎকালে এমআইএসটির প্রতিনিধি দলটি তাদের তৈরি আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করে। প্রধানমন্ত্রী রোবটের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই কাজ করার এবং নিজস্ব উদ্যোগে নতুন কিছু করার আগ্রহ প্রকাশ করেন।
গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার পাইওনিয়ার ক্লাসে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এমআইএসটি-র ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ‘এমআইএসটি মাভিরভ’ (গওঝঞ গঅঠওজঙঠ)। প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার আপ এবং কানাডা তৃতীয় স্থান লাভ করে。
প্রধানমন্ত্রী রোবটটির আরও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এমআইএসটি যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চায়, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।
তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদেরও দেশে এসে এই খাতের বিকাশে অবদান রাখার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ব জ্বালানি…
দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ৫ আগস্টের পতন কেন ঘটল, তার গভীর…
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র…
১২ ও ১৩ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে…
নোয়াখালীর ভাসানচর থেকে অবৈধভাবে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক…
প্রেমিকা দিবসে পাওয়া রহস্যময় উপহার ও চিঠির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন আলোচনার জন্ম…
This website uses cookies.