জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১-দলীয় ঐক্যের লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচির ওপর নিবিড় নজর রাখছে বিএনপি। তবে বিরোধী শিবিরের এসব কর্মসূচির রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার মতে, তাঁরা সংসদে ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এর জবাব দিলেও এই কর্মসূচিগুলোকে এখনই বড় কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। ফলে পাল্টা কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনাও তাঁদের নেই।
ক্ষমতাসীন দলটির নেতাদের একাংশের মতে, সরকারে থেকে বিরোধীদের কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি দেওয়ার চেয়ে চলমান সমস্যাগুলোর সমাধান করাই বেশি গুরুত্বপূর্ণ। তবে দলের আরেকটি অংশ মনে করছে, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মতো জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে বিরোধীরা যদি ধারাবাহিকভাবে মাঠে থাকে, তবে তা একেবারে উপেক্ষা করার সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, ‘আমরা বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে গণতান্ত্রিক চর্চার একটা অংশ হিসেবে দেখছি। রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। আমরা এটাকে সেভাবেই দেখছি, এর বেশি কিছু না।’
তবে বিএনপির এই অবস্থানকে ভিন্ন চোখে দেখছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিরোধী দলের কর্মসূচিকে গুরুত্ব না দিলে কি সংসদে প্রতিক্রিয়া দেয়? আমরা মনে করি, সরকারি দলের পাল্টা কর্মসূচি দেওয়ার ক্যাপাসিটি নেই, বিএনপির আগের সেই নৈতিক অবস্থানও নেই।’
জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করে ১১-দলীয় জোট। আজ জোটের রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে খুলনা ও সিলেটসহ অন্যান্য বিভাগীয় শহরেও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে তাদের।
এর আগে প্রথম দফার লংমার্চের পথসভাগুলো থেকে সরকারের তীব্র সমালোচনা করেন জোটের নেতারা। একাধিক পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল নেই এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর মহিপালের পথসভায় তিনি সরাসরি আক্রমণ করে বলেন, ‘এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করেছে। আমরা কারও চোখ রাঙানি সহ্য করব না। আমরা যেখানে বাধা পাব, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।’
বিরোধীদের এমন কড়া বক্তব্যের জবাবে বিএনপি মূলত সংসদীয় ও রাজনৈতিক বক্তব্যের মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এই লংমার্চের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। জ্বালানিসংকট সমাধানে লংমার্চের যৌক্তিকতা নিয়ে সংসদে তিনি বলেন, ‘আমরা দেখলাম, একটি বিশাল গাড়ির লংমার্চ আয়োজন করা হয়েছিল। বাইরে বিভিন্ন মানুষ একটি কথা বলে যে জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কি না? গাড়ির লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করাই যেত, তাহলে আমরাই সবচেয়ে আগে লংমার্চের আয়োজন করতাম।’
বিএনপির উচ্চপর্যায়ের নেতারা মনে করছেন, রাজপথে পাল্টা কর্মসূচি দিয়ে জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে কর্মসূচি পালনের নামে জনদুর্ভোগ সৃষ্টি হলে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রায় দুই দশক বিরোধী রাজনীতিতে থাকার পর ক্ষমতায় আসায় বিএনপির রাজনৈতিক অগ্রাধিকার এখন বদলেছে। এখন রাজপথের আন্দোলনের চেয়ে সরকার পরিচালনা ও প্রশাসনিক কাজই তাদের প্রধান দায়িত্ব। তাই বিরোধীদের কর্মসূচির জবাবে রাজপথে যাওয়ার তাগিদ তারা অনুভব করছে না। তবে দলের ভেতরে কেউ কেউ মনে করছেন, জনসম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের অবস্থান জনগণের সামনে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
এদিকে বিরোধী দলগুলো যখন মাঠে সক্রিয়, তখন বিএনপির নিজস্ব সাংগঠনিক তৎপরতা কিছুটা সীমিত। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও মাঠপর্যায়ে কেন্দ্রীয় কোনো জোরালো কর্মসূচি দৃশ্যমান নয়। সম্ভাব্য প্রার্থীরা ব্যক্তিগত উদ্যোগে সক্রিয় থাকলেও দল গোছানোর কেন্দ্রীয় তৎপরতা কম। দলের শীর্ষ নেতাদের বড় অংশই এখন মন্ত্রিসভা, সংসদ ও প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.