নিরাপত্তার কঠোর নজরদারি ও বিশেষ বলয় থাকার পরও রাজধানীর গুলশানে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের নিয়মিত টহল, নিরাপত্তা চৌকি, সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সেখানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সক্রিয় রয়েছে। এত কিছুর পরও গুলশান এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতির প্রস্তুতি এবং এমনকি নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত ১ হাজার ২৮০ জন চাঁদাবাজের একটি বড় অংশ গুলশান এলাকায় সক্রিয় রয়েছে। তাদের ছত্রছায়ায় গুলশান-১ ও ২ নম্বর এলাকায় কয়েকটি অপরাধী চক্র ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাথের দোকান, কাঁচাবাজার ও ইন্টারনেট-ক্যাবল ব্যবসা থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। বিশেষ করে রাতের শেষ ভাগে এবং ভোরের দিকে ফাঁকা সড়কগুলোতে একা চলাচলকারী মানুষ, মোটরসাইকেল আরোহী ও নগদ অর্থ বহনকারীদের টার্গেট করা হচ্ছে। দিনদুপুরেও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে অপহরণ ও সর্বস্ব লুটের ঘটনা ঘটছে।
সম্প্রতি গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের এক বাসিন্দা জানান, তাদের বাসার এক কর্মী কাজ শেষে ৯৯ নম্বর সড়ক দিয়ে হেঁটে আসার সময় একটি মাইক্রোবাসে করে আসা ৩-৪ জন যুবক তাকে অস্ত্রের মুখে তুলে নেয়। হাত-মুখ বেঁধে তার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার পর তাকে বনানী লেকের পানিতে ফেলে দেওয়া হয়। তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় এটিএম বুথ থেকে টাকা তুলে দেওয়ার জন্য তাকে মারধরও করা হয়। এর আগে গুলশান-১ এর নাভানা টাওয়ারের সামনে থেকে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়েছিল। পরে তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসাদগেট এলাকায় ফেলে যাওয়া হয়। এ ঘটনায় বোরহান উদ্দিন পাপ্পু নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গুলশানে সংঘবদ্ধ অপরাধের আরও বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গুলশান-২ এর ডিএনসিসি মার্কেটের সামনে এক ব্যবসায়ী ও তার স্বজনকে ছুরিকাঘাত করে প্রায় এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া গুলশান-২ এর ১০৩ নম্বর রোডের একটি ভবনে প্রায় ৫০ জন ব্যক্তি মোটরসাইকেল ও গাড়িতে এসে নিরাপত্তাকর্মীদের হাত-মুখ স্কচটেপ দিয়ে বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। গত ৩ সেপ্টেম্বর বনানী থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিএমপির ডিবি গুলশান বিভাগ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি এবং পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন র্যাবের সদস্যও ছিলেন।
এলাকার ময়লা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বারিধারা জে ব্লকের একটি ডিপোতে তৌহিদ নামে এক শ্রমিককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছিল মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে গাড়ির নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তৌহিদের পায়ে গুলি লাগে। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়েরের পর বান্দরবানের একটি রিসোর্ট থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চাঁদা না দেওয়ায় গুলশান লেকপাড় এলাকায় শরিফুল ইসলাম করিম নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করা হয়। এমনকি গুলশান এভিনিউয়ের ২৯ নম্বর রোডে যৌথ বাহিনীর পোশাক পরে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ৪৬ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি গুলশানের ৩ নম্বর রোডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাসিন্দাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা নাঈমুর রহমান জানান, কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে নিষিদ্ধ সংগঠনের এত মানুষ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া পাকিস্তান ও চীনসহ কয়েকটি দূতাবাসে চাঁদা চেয়ে বোমা হামলার হুমকির ঘটনাও ঘটেছে।
উদ্ভূত পরিস্থিতিতে গুলশানের বাসিন্দাদের বিভিন্ন যোগাযোগ গ্রুপে একটি ‘জরুরি নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়েছে। সেখানে রাতে চলাচলের সময় অত্যন্ত সতর্ক থাকা, একা না হাঁটা এবং বাড়ির কর্মী ও চালকদের সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরাধের এসব ঘটনার বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, পুরো গুলশান এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি চালানো হচ্ছে। রাতের বা ভোরের ফাঁকা রাস্তায় সংঘবদ্ধ চক্রগুলো সুযোগ বুঝে এসব অপরাধ ঘটায়। অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি। অন্যদিকে, গুলশান থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর দাবি করেন, অন্যান্য এলাকার তুলনায় গুলশানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা…
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা…
জাপানের নাগোয়ায় সমাপ্ত হলো ২০তম এশিয়ান গেমস। চীনের নিরঙ্কুশ আধিপত্য, বাংলাদেশের একটি ব্রোঞ্জ এবং আয়োজকদের…
তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি…
যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কর্নেল অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে…
৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ডা. শাহজিয়া শাহরিন আনিকা দেড় মাসের সংক্ষিপ্ত প্রস্তুতিতে ক্যাডার হওয়ার…
This website uses cookies.