জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচদিনের এই সংক্ষিপ্ত সফরে তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। সফরকালে সাধারণ বিতর্কে ভাষণ দেয়ার পাশাপাশি সাত দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি। এছাড়া জলবায়ু ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ সভায় অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াল স্ট্রিট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা করার কথা রয়েছে।
রবিবার সকালে ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৫ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। ইস্তাম্বুল বিমানবন্দরে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নেয়া হয়।
আজ থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য আয়োজিত প্রাতঃরাশে অংশ নেয়ার পর তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।
আগামী ২৩শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বসবেন। এরপর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেন আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা বিষয়ক সভায় এবং জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন। একই দিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি সাইড ইভেন্টে তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করবেন।
প্রধানমন্ত্রী তার সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলজ-এমের, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
২৪শে সেপ্টেম্বর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন। একই দিনে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকাল ৫টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তিনি তার ভাষণ দেবেন, যা হবে তার প্রথম ভাষণ। সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।
২৫শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জেপি মরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হতে পারেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সব কর্মসূচি শেষে ২৫শে সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৭শে সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…
রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…
কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…
সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…
লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…
This website uses cookies.