Header Premium (728×90)

রাজধানীর আবাসিক মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের খাবারে পুষ্টির তীব্র ঘাটতি

রাজধানীর বিভিন্ন আবাসিক মাদরাসায় শিক্ষার্থীদের সরবরাহ করা প্রতিদিনের খাবারে পুষ্টির ভয়াবহ ঘাটতি দেখা যাচ্ছে। একঘেঁয়ে খাদ্যতালিকায় মূলত ভাত, ডাল, আলু ভর্তা, ভাজি ও সবজিই পরিবেশন করা হয়। সপ্তাহে মাত্র এক বা দুই দিন পাঙাশ, তেলাপিয়া বা চাষের মাছ এবং ব্রয়লার মুরগির মাংস জোটে তাদের পাতে। দীর্ঘ সময় ধরে এমন পুষ্টিহীন খাবার গ্রহণের ফলে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং পড়াশোনায় চরম নেতিবাচক প্রভাব পড়ছে। মাদরাসা শিক্ষকরাও পুষ্টিহীনতার এই চিত্র স্বীকার করে জানিয়েছেন, মূলত অর্থনৈতিক সীমাবদ্ধতা ও প্রাতিষ্ঠানিক উদাসীনতার কারণেই শিক্ষার্থীরা সুষম খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

গবেষক ও পুষ্টিবিদদের মতে, মাদরাসা শিক্ষার্থীদের খাবারে ক্যালরি বা কার্বোহাইড্রেটের (শর্করা) সাধারণত কোনো ঘাটতি হয় না। কারণ তারা তিন বেলাই পর্যাপ্ত পরিমাণে ভাত, রুটি কিংবা খিচুড়ি পেয়ে থাকে। এর ফলে পেট ভরা এবং শরীর তাৎক্ষণিক শক্তি পেলেও এটি কোনোভাবেই সুষম খাবার বা ব্যালেন্সড ডায়েট নয়। বাড়ন্ত বয়সের একটি শিশুর জন্য প্রতিদিন যে পরিমাণ প্রথম শ্রেণির প্রোটিন অর্থাৎ ডিম, দুধ, মাছ বা মাংস প্রয়োজন, তা তারা পায় না। ডাল থেকে কিছু উদ্ভিজ্জ প্রোটিন এলেও তা শরীরের জন্য পর্যাপ্ত নয়। এছাড়া খাবারের মেনুতে শাকসবজি ও ফলমূলের উপস্থিতি থাকে একেবারেই নগণ্য। মাঝে মধ্যে পেঁপে, মিষ্টি কুমড়া বা আলু ছাড়া রঙিন ও পুষ্টিকর শাকসবজি খুব একটা রান্না করা হয় না। খাবারে ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম ও আয়রনের মতো প্রয়োজনীয় উপাদানের ব্যাপক ঘাটতি থাকায় তা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত আম্বরশাহ মসজিদ ও মাদরাসার আবাসিকের ১০ বছর বয়সি এক এতিম শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, তাদের মাদরাসায় প্রতিদিন সকালে ভাত, আলু ভর্তা, ডাল; দুপুরে ভাত, ব্রয়লার মুরগি অথবা পাঙাশ মাছ, ডাল; এবং রাতে যেকোনো সবজির ভাজি আর ডাল দেওয়া হয়। সপ্তাহের প্রতিদিন একই মেন্যু হওয়ায় একই ধরনের খাবার রোজ খেতে তার ভালো লাগে না। সে আরও জানায়, বিকাল বা সন্ধ্যায় কোনো নাস্তার ব্যবস্থা নেই। তাই একই খাবার ভালো না লাগলেও ক্ষুধার তাড়নায় তারা গোগ্রাসে খেয়ে নেয়। তবে মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বড় মাছ, গরু বা খাসির মাংস কিংবা বিরিয়ানি আসলে তাদের খুব আনন্দ লাগে এবং সেদিন সহপাঠীরা সবাই মিলে পেট ভরে মজা করে খায়।

লালমাটিয়ার সি ব্লকের জামিয়া ইসলামিয়া মসজিদ, মাদরাসা ও এতিমখানার হিসাবরক্ষক মাওলানা আবু সাঈদ জানান, তাদের এখানে আবাসিকে থেকে পঞ্চম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত ৪৫০ জন ছাত্র কিতাবাদি শিখছে। মানুষের দেওয়া দান-অনুদান এবং কোরবানির চামড়া বিক্রির টাকায় এই মাদরাসার শিক্ষার্থীদের খাওয়া, পড়াশোনা এবং শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য কার্যক্রম চলে। তিনি জানান, ৪৫০ জন ছাত্রের তিনবেলা খাবারের পেছনে প্রতিদিন খরচ হয় ২২ থেকে ২৮ হাজার টাকা। এই অল্প টাকায় কি ভালো মানের খাবার দেওয়া সম্ভব—এমন প্রশ্নের জবাবে আবু সাঈদ বলেন, আর্থিক সংকটের কারণে ছাত্রদের পুষ্টিকর দামি খাবার দেওয়া সম্ভব হয় না। অল্প পুষ্টির খাবার খেয়ে কষ্ট করেই আল্লাহর কোরআন শিখতে হচ্ছে শিক্ষার্থীদের। এই সংকট উত্তরণে রাষ্ট্রীয়ভাবে মাদরাসা শিক্ষাকে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার বলে তিনি মনে করেন।

লালমাটিয়ার মাদরাসা নূরে মদিনার পরিচালক হাফেজ মাওলানা মুফতি এহসানুল্লাহ বলেন, দীনি ইলম শিক্ষা করতে হলে কিছুটা কষ্ট করতে হবে—এটাই স্বাভাবিক। মাদরাসাগুলো সামান্য টাকার বিনিময়ে হাজার হাজার ছাত্রের খাবার জোগান দিয়ে থাকে, তাই এতে খাবারের মান না থাকাটাই স্বাভাবিক। এ নিয়ে বেশিরভাগ মাদরাসার বদনাম থাকলেও তিনি মনে করেন এগুলো কর্তৃপক্ষের অপারগতা এবং এর সমালোচনা না করাই ভালো। সচ্ছল লোকেরা যদি ঠিকমতো জাকাত দিত, তবে মাদরাসার এতিম শিক্ষার্থীদের খাবার, পোশাক পরিচ্ছদ ও শিক্ষায় কোনো ঘাটতি তৈরি হতো না বলে মন্তব্য করেন তিনি।

একটি গবেষণায় দেখা গেছে, কওমি মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ আন্ডারওয়েট বা স্বাভাবিকের চেয়ে কম ওজনের এবং তারা প্রয়োজনীয় পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হচ্ছে। গবেষণায় আরও উঠে এসেছে, প্রায় ৫৪.৭ শতাংশ শিক্ষার্থী নিয়মিত ফলমূল পায় না এবং ৬৩.৬ শতাংশ শিক্ষার্থী পর্যাপ্ত দুধ বা প্রোটিনসমৃদ্ধ খাবার থেকে বঞ্চিত হয়। এছাড়া কওমি ও আবাসিক মাদরাসাগুলোর একটি বড় অংশে শিক্ষার্থীদের খেলার মাঠ বা শারীরিক কসরতের ব্যবস্থা থাকে না। পরিসংখ্যান অনুযায়ী, ৯৫.৫ শতাংশ শিক্ষার্থী কোনো ধরনের নিয়মিত ব্যায়াম বা খেলাধুলায় অংশ নেয় না, যা তাদের সঠিক শারীরিক গঠনে বাধা সৃষ্টি করে।

বিভিন্ন মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক মাদরাসায় এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা পড়াশোনা করে। মাদরাসার সীমিত বাজেট এবং দাতব্য অনুদানের ওপর নির্ভরশীলতার কারণে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর ও সুষম খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া মাদরাসা কর্তৃপক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক পুষ্টি ও স্বাস্থ্যসম্মত জীবনধারা সম্পর্কে সঠিক নির্দেশনারও ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। এর মধ্যে রয়েছে মাদরাসাগুলোয় পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা ‘হেলথ স্ক্রিনিং’ চালু করা এবং বাধ্যতামূলক শারীরিক খেলাধুলার ব্যবস্থা করা।

অবশ্য এর ব্যতিক্রম চিত্রও রয়েছে। কোনো কোনো আবাসিক মাদরাসার খাবারের মান বেশ ভালো দেখা গেছে, যেখানে সচ্ছল পরিবারের সন্তানরা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ভালো খাবার পেয়ে থাকে। রাজধানীর বড় মাদরাসাগুলোর খাবারের মান নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমানে প্রাইভেট মাদরাসাগুলোর খাবারের মান যথেষ্ট ভালো রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। মিরপুরের ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান জানান, তারা প্রতি বেলায় শিক্ষার্থীদের মোটামুটি ভালো খাবার দেওয়ার চেষ্টা করেন এবং তাদের খাবারের মানে অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তুষ্ট।

ধানমন্ডি জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সভাপতি মাওলানা মোহাম্মদ আলমগীর জানান, তাদের মাদরাসাগুলোর বাৎসরিক খরচ জোগান দিতেই হিমশিম খেতে হয়। শিক্ষকদের বেতন-ভাতাও প্রায় সময় বকেয়া পড়ে যায় এবং সারা বছর টানাহেঁচড়ার মাঝেই কাটে। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন সব মাদরাসারই খাবারের মান ভালো করা উচিত। সমাজের বিত্তশালীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন Development প্রোগ্রাম) কর্মসূচির আওতায় ‘মাদরাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচির মাধ্যমে ২০২৬-৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদরাসায় মিড ডে মিল চালু করা হবে, যার আওতায় ইবতেদায়ি মাদরাসাগুলোও থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.