Header Premium (728×90)

মেট্রোরেল ও বৈদ্যুতিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন একনেকের

রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করার লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পগুলোতে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি শেরেবাংলা নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর উদ্যোগ। এর ফলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে যুক্ত হবে। একনেকে অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৫৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত।

মেট্রোরেল সংক্রান্ত তিনটি প্রকল্পের জন্য মোট ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত ব্যয় এবং নতুনভাবে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প যুক্ত হয়েছে। ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯১ কোটি ৮৯ লাখ টাকা, যা ২০৩৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা, যা প্রথম সংশোধনীর মাধ্যমে বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৫ লাখ টাকা।

২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা, যার মূল কাজ হলো হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল করিডোর নির্মাণ। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা, অর্থাৎ প্রথম সংশোধনীর মাধ্যমে ৪৮ হাজার ৬০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়েছে।

গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এই প্রকল্পের ১৩.১০ কিলোমিটার অংশ মাটির নিচে টানেল আকারে নির্মিত হবে। গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কাওরান বাজার এবং তেজগাঁও হয়ে হাতিরঝিলের তলদেশ দিয়ে আফতাবনগর পর্যন্ত এই টানেলটি মাটির ১৬ থেকে ৩৮ মিটার গভীরে নির্মাণ করা হবে। এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ যৌথভাবে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করবে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, ডলারের অবমূল্যায়নের কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত কাজ সম্পন্ন না করলে জাইকা তাদের ঋণের সুদ হার পরিবর্তন করতে পারে। এছাড়া মেট্রোরেলের পিলারে ফাটল ও বিয়ারিং প্যাডের ত্রুটির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি ছোট প্রকল্প পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দেয়া হয়েছে, যা বৈঠকে অবহিত করা হয়েছে। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধিত), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (১ম সংশোধিত), ভাসানচরে গ্রিন বেল্ট প্রতিষ্ঠা ও কক্সবাজারে রোহিঙ্গা প্রভাবিত এলাকায় পুনর্বনায়ন (১ম সংশোধিত), দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ এবং অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া রংপুর জোনে ঝুঁকিপূর্ণ বেইলী ও অন্যান্য সেতু প্রতিস্থাপন (১ম সংশোধিত), আরডিএ ভবনের ৫ম থেকে ১০ম তলা নির্মাণ, জালালাবাদ সেনানিবাসে এসআইঅ্যান্ডটির সক্ষমতা বৃদ্ধিতে কোয়ার্টার গার্ড নির্মাণ, সিলেট বিভাগে বন্যা পূর্বাভাসের জন্য থ্রিডি মডেল প্রস্তুতকরণ (১ম সংশোধিত), সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদারকরণ (এসএসপিআরআইটি) (১ম সংশোধিত) প্রকল্প, বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন (২য় সংশোধিত) প্রকল্প সম্পর্কে একনেকে অবহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

21 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

30 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

32 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

35 minutes ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

45 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

51 minutes ago

This website uses cookies.