মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একটি গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিভিন্ন জেলা ও উপজেলার বেশ কয়েকজন প্রকৌশলী উপস্থিত না থাকায় তাঁদের দায়িত্ববোধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, কর্মকর্তাদের এখানে ফাজলামি বা পিকনিক করতে আসার সুযোগ নেই। একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে তাঁদের ডাকা হয়েছে। কিন্তু মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়—সেটি তিনি বুঝতে পারছেন না। বিষয়টি নোট করে রাখার জন্যও তিনি নির্দেশ দেন।
সভার একপর্যায়ে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলার কর্মকর্তাদের দাঁড়াতে বলেন। জেলাটিতে ১০টি উপজেলা থাকলেও সেখানে মাত্র ছয়জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাকি চারজনের অনুপস্থিতির কারণ জানতে চাইলে জানানো হয়, একজন অতিরিক্ত দায়িত্বে আছেন। তবে নির্বাহী প্রকৌশলী কেন অনুপস্থিত, তা জানতে চাইলে মঞ্চের সামনে থেকে একজন জানান, ওই প্রকৌশলী এলাকায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একটি সভায় অংশ নিচ্ছেন।
এতে অসন্তুষ্ট হয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো এলাকার উদ্বোধন বা অন্য কোনো বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কিছু বললে কর্মকর্তাদের তা সমন্বয় করতে হবে। সংসদ সদস্যকে জানাতে হবে যে মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রী তাঁদের সভায় ডেকেছেন। প্রয়োজনে পরের দিন বা তার পরের দিন সংসদ সদস্যের সঙ্গে বসার কথা বলতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সংসদ সদস্যকে মন্ত্রী, সচিব বা প্রতিমন্ত্রীর চেয়ে বড় মনে করে অনুপস্থিত থাকা যাবে না।
এরপর বান্দরবান জেলার কর্মকর্তাদের দাঁড়াতে বলা হলে দেখা যায়, সাতটি উপজেলার মধ্যে মাত্র একজন উপস্থিত আছেন। প্রতিমন্ত্রী বাকি কর্মকর্তাদের অবস্থান এবং তাঁদের বিকল্প হিসেবে কেউ কেন আসেননি, তা জানতে চান। তিনি মন্তব্য করেন, সব জেলার কর্মকর্তাদের একসঙ্গে দাঁড় করালে উপস্থিতির চিত্র আরও ভয়াবহ মনে হতে পারে। অনুপস্থিত কর্মকর্তাদের কেন ডাকা হয়নি, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
সভায় একজন উপজেলা প্রকৌশলী অনুপস্থিত থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। প্রতিমন্ত্রী বলেন, এত গুরুত্বপূর্ণ বিষয়ে সভা হচ্ছে অথচ একজন উপজেলা প্রকৌশলীও উপস্থিত নেই, এভাবে সভায় অনুপস্থিত থেকে ফাজলামি করার কোনো সুযোগ নেই।
একইভাবে খাগড়াছড়ি জেলার কর্মকর্তাদের দাঁড় করিয়ে উপস্থিতি যাচাই করেন প্রতিমন্ত্রী। সেখানে মাত্র তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর ভোলা জেলার মনপুরা উপজেলার নির্বাহী প্রকৌশলী এবং নেত্রকোনা জেলার কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করেন তিনি। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তাঁর মনে হচ্ছে প্রায় প্রতিটি জেলা থেকেই দু-তিনজন করে কর্মকর্তা সভায় আসেননি।
পরে কর্মকর্তাদের উপস্থিতির হিসাব নেওয়া হলে জানানো হয়, মোট ৫০৩ জনের মধ্যে ৪৪০ জন উপস্থিত আছেন। তবে সভায় সব নির্বাহী প্রকৌশলী উপস্থিত আছেন বলে নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় প্রতিমন্ত্রী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও হাটবাজারসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানো সম্ভব। কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে সোলার প্যানেল স্থাপনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী ও চলমান প্রকল্পগুলোর পরিচালকেরা।
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
This website uses cookies.