দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও তাপদাহের কারণে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নিজেদের গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।
বুধবার পুলিশের আইজিপির কাছে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান। চিঠিতে উল্লেখ করা হয়, তীব্র তাপদাহ ও জ্বালানি সংকটের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের ক্ষোভ বাড়ছে এবং বেশ কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র ও কার্যালয়গুলো হামলার শিকার হচ্ছে।
অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশের মোট ৫ কোটি ২০ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককেই বিদ্যুৎ সেবা দেয় পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, যা মোট গ্রাহকের প্রায় ৮০ শতাংশ। তবে এই সমিতিগুলো নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না; জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী তারা গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
চিঠিতে বিদ্যুৎ সংকটের বাস্তব চিত্র তুলে ধরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় চাহিদা ছিল প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। এর বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে গড়ে মাত্র ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। এই বিপুল ঘাটতির কারণে অনেক এলাকায় দৈনিক গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন স্থানে উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন। এতে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় প্রতিটি সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আইজিপিকে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিবসহ দেশের সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ইউএনও এবং থানার ওসিদের পাঠানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ডা. কবিরুল ইসলামের মেয়ে সাফওয়ানা ইসলাম পৌষীর এসএসসি পাসের…
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে নেতৃত্বে পরিবর্তন এলেও এখনো ঘুস, বদলি বাণিজ্য ও রাজনৈতিক…
বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগ…
ফরিদপুরের নগরকান্দায় ঘুষের টাকা দিতে অস্বীকার করায় এক ঠিকাদারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ…
রাজধানীর বারিধারায় 'অদম্য জুলাই' স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এমপি নুরুন্নিসা…
সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের দুই শিশুসন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরের পানিতে ফেলে হত্যার…
This website uses cookies.