Header Premium (728×90)

প্যারিসে গুলিবর্ষণকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ট্রাপেস ও পাশের লা ভেরিয়ের শহরে গাড়ি থেকে চালানো গুলিবর্ষণে একজন নিহত ও ১২ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। দীর্ঘ ১৫ মিনিট ধরে চলা এই হামলায় অভিবাসীদের নিশানা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি স্পষ্ট করে বলেন, ফ্রান্সে এর আগে জাতিগত পরিচয়ের কারণে এভাবে নির্বিচারে মানুষকে হত্যার ঘটনা ঘটেনি।

ঘটনা প্রত্যক্ষ করে ও পরিদর্শনে গিয়ে ট্রাপেস শহরে উপস্থিত হন প্রেসিডেন্ট মাখোঁ। তিনি বলেন, হামলাকারী কেবল মানুষের গায়ের রং ও ধর্মের ওপর ভিত্তি করে তাঁদের লক্ষ্যবস্তু বানিয়েছেন। সমাজে কিছু বিশেষ ‘মতাদর্শ’ শিকড় গাড়ছে উল্লেখ করে এ ধরনের হামলায় জড়িতদের কোনোভাবেই ছাড় না দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর (পিএনএটি) জানিয়েছে, নির্দিষ্ট উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট না হলেও ঘটনাটির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসাজশ রয়েছে এবং ইতিমধ্যেই এটি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

হামলার বিবরণ দিয়ে ট্রাপেসের মেয়র আলি রাবেহ জানান, শুক্রবার সকালে এক ব্যক্তি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। ট্রাপেসের একটি পেট্রলপাম্প, একটি চিকিৎসাকেন্দ্র এবং শিশুদের খেলার মাঠের কাছাকাছি এলাকাগুলোকে তিনি নিশানা করেন। হামলাকারীর মূল উদ্দেশ্যই ছিল যত বেশি সম্ভব মানুষকে হতাহত করা এবং এক ধরনের ব্যাপক হত্যাযজ্ঞ চালানো। ট্রাপেসে তাণ্ডব চালিয়ে পাশের লা ভেরিয়ের শহরের দিকে যাওয়ার পর পুলিশ সেখান থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম কেভিন টি। পুলিশ তাঁকে আগে থেকেই চিনলেও গোয়েন্দা সংস্থাগুলোর কোনো নজরদারিতে তিনি ছিলেন না। পিএনএটি জানিয়েছে, পূর্বে ৪টি অপরাধে তিনি দোষী সাব্যস্ত হলেও সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তাঁর অপরাধের রেকর্ড থেকে মুছে গিয়েছিল। তা ছাড়া দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকাতেও তাঁর নাম ছিল না। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলায় একটি আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, যা থেকে একযোগে একাধিক গুলি ছোড়া সম্ভব। সংবাদমাধ্যম লে প্যারিসিয়াঁ জানিয়েছে, অস্ত্রটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ঘটনার জেরে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিবারের এক সদস্যকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হামলায় আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। এর মধ্যে গুরুতর আহত ১২ বছর বয়সী এক শিশুর শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে এবং তার অস্ত্রোপচার করতে হয়েছে। শিশুটির মা ফরাসি সম্প্রচারমাধ্যম আরটিএলকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, ‘কেউ একটি শিশুর সঙ্গে এমন করতে পারে কীভাবে?’ মেয়েটির মাথায় স্কার্ফ ছিল উল্লেখ করে তিনি বলেন, সে ফ্রান্সে জন্মেছে এবং এখানে স্বাধীনভাবে বসবাস ও জীবন গড়ার অধিকার তার রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের গুদামে হামলার ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া…

24 seconds ago

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। এতে সংবিধানের সামগ্রিক…

16 minutes ago

কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত চীনের অর্থায়নের কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে…

19 minutes ago

বরুড়ায় বাগান থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলায় মোবারক হোসেন নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার…

35 minutes ago

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-অধিকৃত ইউক্রেনের ওলেশকি শহরে সাময়িক মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে…

38 minutes ago

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছাত্র-জনতার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ

সাজেকে সড়ক অবরোধের সময় হামলার অভিযোগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শুরু…

54 minutes ago

This website uses cookies.