মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক নেতারা। তবে এই প্রক্রিয়ায় আবারও সীমিতসংখ্যক এজেন্সি নিয়ে সিন্ডিকেট গঠনের আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বায়রার সাবেক নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ প্রশংসনীয়। তারা উল্লেখ করেন, অতীতে অতিরিক্ত ফি ও ব্যয়ের কারণে অনেক কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিতে পারেনি। সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে আরও বিপুলসংখ্যক কর্মী বিনা বা স্বল্প খরচে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।
বিবৃতিতে বলা হয়, গত ২১ আগস্ট মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে। এর আগে ২০১৬ সালে ১০টি এবং ২০২২ সালে ২৫টি এজেন্সিকে কর্মী পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, যা সিন্ডিকেট হিসেবে পরিচিতি পায়। ব্যবসায়ীদের আশঙ্কা, এবারও একই ব্যবস্থা চালু হতে পারে। তারা দাবি জানিয়েছেন যে, কর্মী পাঠানোর ক্ষেত্রে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
গত শুক্রবার এফডব্লিউসিএমএস আরও ৩১২টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে, যারা মূলত আগের ২৫টি অনুমোদিত এজেন্সি ও বোয়েসেলের সাব-এজেন্ট হিসেবে কাজ করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার দেওয়া সুযোগ হিসেবে দাবি করলেও বায়রার সাবেক নেতারা এতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব এজেন্সি স্বাধীনভাবে কাজ করতে পারবে না এবং কর্মী পাঠানোর নিয়ন্ত্রণ সেই ২৫ এজেন্সির হাতেই থাকবে, যা আগের সিন্ডিকেট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে প্রস্তুত করা ৪২৩টি এজেন্সির তালিকাকে বিতর্কিত ও অসম্পূর্ণ বলে দাবি করেছেন নেতারা। তারা অভিযোগ করেন, শর্ত শিথিলের বিষয়ে যথাযথ তথ্য না দেওয়ায় প্রায় দুই হাজার বৈধ রিক্রুটিং এজেন্সি আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। নেপাল ও পাকিস্তানের মতো দেশগুলোও সীমিত এজেন্সিনির্ভর ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তারা বাংলাদেশের ক্ষেত্রেও সব বৈধ এজেন্সির জন্য সমান সুযোগের দাবি জানান।
বায়রার সাধারণ সদস্যদের পক্ষে দেওয়া এই বিবৃতিতে সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব নূরুল আমিন, ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু ও মফিজ উদ্দিনসহ মোট ২১ জন সদস্য স্বাক্ষর করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
This website uses cookies.