মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি রুপির বেশি ব্যবসা করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ৯ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৯৩ লাখ রুপিতে। এর মাধ্যমে এটি মালয়ালম চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার খেতাব অর্জন করেছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর বাংলাদেশেও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
বক্স অফিসের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, নির্মাণব্যয়ের তুলনায় সিনেমাটির আয় প্রায় ১৩ গুণ। ভারতের বাজার থেকে চলচ্চিত্রটি গ্রস সংগ্রহ করেছে ১৯২ কোটি ৪৮ লাখ রুপি, যার নেট আয় ১৬৪ কোটি ৯১ লাখ রুপি। অন্যদিকে বিদেশের বাজার থেকে আয় এসেছে ১৩৮ কোটি ৪৫ লাখ রুপি। মূল মালয়ালম ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু সংস্করণেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়। বিভিন্ন ভাষী দর্শকদের কাছে পৌঁছানোর এই কৌশল বিশ্বজুড়ে ছবিটির বড় ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করেছে।
মালয়ালম সিনেমার অলটাইম বক্স অফিস রেকর্ড পুনর্লিখন করা এই ছবিটি পেছনে ফেলেছে কল্যাণী প্রিয়দর্শন অভিনীত ও ডমিনিক অরুণ পরিচালিত ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমাটিকে, যার বিশ্বব্যাপী মোট আয় ছিল প্রায় ৩০১ কোটি ৪১ লাখ রুপি। এছাড়া সর্বোচ্চ আয়ের তালিকায় থাকা অন্য শীর্ষ মালয়ালম ছবিগুলোর মধ্যে রয়েছে ‘এল২: এম্পুরান’ (২৬৬ কোটি ৮১ লাখ রুপি), ‘মঞ্জুমেল বয়েজ’ (২৪১ কোটি ৩ লাখ রুপি) এবং ‘দৃশ্যম ৩’ (২৩৯ কোটি ৮৩ লাখ রুপি)।
গিরিশ এডি পরিচালিত এই সিনেমায় প্রচলিত রোমান্টিক ছবির অতিমানবীয় বা অতিরিক্ত আত্মবিশ্বাসী নায়কের ধারণা ভেঙে দেওয়া হয়েছে। ছবিতে নিভিন পাউলি অভিনয় করেছেন জাস্টিন নামের ত্রিশোর্ধ্ব এক ক্যাটারারের চরিত্রে, যিনি নিজের কাজে দক্ষ ও আশপাশের মানুষের কাছে নির্ভরযোগ্য হলেও প্রেমের ক্ষেত্রে বেশ লাজুক ও দ্বিধাগ্রস্ত। তাঁর পাশের বাড়িতে থাকা কলেজপড়ুয়া এক তরুণী—যার চরিত্রে অভিনয় করেছেন মামিথা বাইজু—যখন তাঁর প্রতি আগ্রহ দেখায়, তখন সৃষ্টি হয় বয়সের ব্যবধান ও সম্পর্কের সূক্ষ্ম জটিলতা। প্রেম প্রকাশের উদ্যোগ নেওয়া ও সম্পর্কের সমীকরণ বদলে দেওয়ার ক্ষেত্রে মামিথার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রধান দুই তারকার অনস্ক্রিন রসায়নের পাশাপাশি বিনয় ফোর্ট, সুরেশ কৃষ্ণ, শ্যাম মোহন ও শ্রিন্দার অভিনয় ছবিটিকে দর্শকনন্দিত করেছে।
পরিচালক গিরিশ এডি সম্প্রতি ক্লাব এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মালয়ালম সিনেমার বর্তমান প্রেক্ষাপটে ২৫ কোটি রুপি খুব বড় বাজেট নয়; যেখানে একসময় ১০ কোটি রুপিকেই বড় আয়োজন ধরা হতো। তবে বিশাল বাজেটের ছবি বানানোর চেয়ে গল্প ও তারকার উপযোগী স্বাভাবিক সিনেমায় বিশ্বাসী তিনি। এর আগেও ‘থান্নির মাথান দিনাঙ্গাল’, ‘সুপার শরন্যা’ এবং ‘প্রেমালু’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটে তৈরি তাঁর ‘প্রেমালু’ ছবিটি বক্স অফিসে ১৩০ কোটি রুপির বেশি আয় করেছিল। চেনা জীবন, আত্মবিশ্বাসের অভাব, প্রেমে প্রত্যাখ্যান ও সামাজিক অস্বস্তির গল্পকে রসবোধ দিয়ে ফুটিয়ে তোলাই তাঁর পরিচালনার প্রধান বৈশিষ্ট্য।
এদিকে সিনেমার ৩০০ কোটি টাকার বেশি গ্রস আয় নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এর সহপ্রযোজক জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। দিলীশ পোথান ও শ্যাম পুষ্করনের সঙ্গে ‘ভাবনা স্টুডিওস’-এর ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি। কিউ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে ফাহাদ স্পষ্ট করেন যে, গ্রস আয়ের অর্ধেক অর্থও প্রযোজকদের পকেটে ঢোকে না। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, টিকিট বিক্রির মোট আয় থেকে বিদেশি এজেন্ট, পরিবেশক, প্রেক্ষাগৃহের অংশ এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাটার পরেই কেবল অবশিষ্ট অর্থ প্রযোজকের কাছে পৌঁছায়।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.