বগুড়ার শাজাহানপুরে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ১২:২৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুর পাড়া এবং হাটখোলা পাড়ায় এই অভিযান দুটি পরিচালনা করে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প।
বুধবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
র্যাব জানায়, প্রথম অভিযানটি চালানো হয় রাত ৩টার দিকে শাবরুল তালপুকুর পাড়া এলাকায়। সেখান থেকে বাপ্পী হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুটি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়।
পরবর্তীতে শাবরুলের হাটখোলা পাড়ায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে র্যাব। সেখান থেকে গ্রেফতার করা হয় গ্রুপের প্রধান মো. জালাল মন্ডল (৩৮) সহ আরও ১০ জনকে। গ্রেফতারকৃত অন্য সদস্যরা হলেন— মো. ইউসুফ প্রামানিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিাপন প্রামানিক (২৭), আকাশ প্রামানিক (১৯), শুভ (২০), কাইয়ম প্রামানিক (১৯), কাউছার হোসেন (২০) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।
দ্বিতীয় অভিযানের সময় তাদের কাছ থেকে নয়টি লোহার চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি সাধারণ ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১১টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
গ্রেফতারকৃতদের অপরাধের রেকর্ড ঘেঁটে র্যাব জানিয়েছে, জালাল মন্ডলের বিরুদ্ধে বগুড়া সদর, কাহালু ও শাজাহানপুর থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার বাপ্পী হাসানের বিরুদ্ধেও শাজাহানপুর থানায় একটি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




























