ভাদ্রের প্রখর রোদ উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে জড়ো হয়েছিলেন অর্ধ লক্ষাধিক উৎসুক জনতা। গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে টানা দুই বছর (২০২৪ ও ২০২৫) বন্ধ থাকার পর গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে এখানে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে বিগত দুই বছর এই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। এবারের নৌকা বাইচ চলাকালে তিতাসের ঢেউ আর দর্শকদের উচ্ছ্বাস যেন একাকার হয়ে ওঠে।
প্রতিযোগিতাটি তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্ট থেকে শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দেয়। জেলার সদর ও নবীনগরসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১০টি নৌকা এতে অংশ নেয়। প্রতিটি ধাপ থেকে বিজয়ী হয়ে চারটি নৌকা চূড়ান্ত প্রতিযোগিতায় লড়াই করে।
বিকেল সাড়ে ৩টায় শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্টে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। উদ্বোধনের পর বাহারি পোশাক পরিহিত মাঝিরা সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর বৈঠার ছলাত ছলাত শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দুই পাড়ের দর্শকরাও স্বতঃস্ফূর্ত আবেগে মাঝিদের সঙ্গে সুর মিলিয়ে চিৎকার করে বলছিলেন—‘মারো টান, হেইয়ারে হেইয়াহো’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এবং চিকিৎসক মো. আব্দুল মতিন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জেলা সদরের শাপলা ভয়স ক্লাব, যারা পুরস্কার হিসেবে দুই লাখ টাকা পায়। দ্বিতীয় স্থান অধিকারী জেলা সদরের দারমা গ্রামের নৌকা পায় দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকার করা নবীনগরের পুইল যুব সংঘ পায় এক লাখ টাকা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে ট্রফি ও ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। দিনভর উৎসবের আমেজে নদীর দুই তীরের ভবন, ঘাট ও নৌকায় বসে অর্ধ লক্ষাধিক দর্শনার্থী এই প্রতিযোগিতা উপভোগ করেন।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.