Header Premium (728×90)

ইতিহাস কাঁপানো আট মুসলিম শাসকের জীবন ও রাজনৈতিক দর্শন

ড. মুহাম্মদ মুরসি মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি এবং সমসাময়িক মুসলিম বিশ্বের অন্যতম আলোচিত প্রভাবশালী ইসলামপন্থী নেতা। ২০ আগস্ট ১৯৫১ সালে মিসরের নীল ডেল্টা অঞ্চলের শারকিয়া প্রদেশের আল-আদওয়া গ্রামে তার জন্ম। কৃষক পরিবারে বেড়ে ওঠা মুরসি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইখওয়ানুল মুসলিমিনের সক্রিয় সদস্য মুরসি হুসনে মোবারক সরকারের সময়ে একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। ২০১১ সালের আরব-বসন্ত পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারায় ২০১২ সালে তিনি মিসরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান সংস্কার, বেসামরিক শাসন জোরদার এবং ইসলামি মূল্যবোধের সঙ্গে গণতন্ত্রের সমন্বয় ছিল তার লক্ষ্য। ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থান নেওয়া মুরসি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখে ২০১৩ সালের ৩ জুলাই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দীর্ঘ কারাবন্দিত্ব ও বিচারিক প্রক্রিয়ার পর ১৭ জুন ২০১৯ সালে আদালত কক্ষেই তার মৃত্যু হয়।

দাতুক সেরি আনোয়ার ইবরাহিম সমসাময়িক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী ও গণতান্ত্রিক রাজনীতিক। ১০ আগস্ট ১৯৪৭ সালে মালয়েশিয়ার পেনাং রাজ্যের বুকিত মার্তাজামে তার জন্ম। মালয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা আনোয়ার ছাত্রজীবনে ইসলামি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অইওগ (Angkatan Belia Islam Malaysia)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৮২ সালে ক্ষমতাসীন UMNO দলে যোগ দিয়ে তিনি শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে মাহাথির মুহাম্মদের সঙ্গে মতবিরোধের জেরে পদচ্যুত ও কারাবন্দি হলেও দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে ২০২২ সালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার রাজনৈতিক দর্শনের মূলভিত্তি দুর্নীতিবিরোধী শাসন, বহুত্ববাদী সমাজ ও ইসলামি নৈতিকতা।

রশিদ আল-গান্নুশি আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামপন্থী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ২২ জুন ১৯৪১ সালে তিউনিসিয়ার গাবেস প্রদেশের এল-হাম্মা গ্রামে তার জন্ম। জেইতুনা বিশ্ববিদ্যালয়, কায়রো ও দামেস্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা গান্নুশি ১৯৭০-এর দশকে তিউনিসিয়ায় ইসলামি পুনর্জাগরণমূলক রাজনীতিতে যুক্ত হন এবং আন-নাহদা আন্দোলন গঠনে ভূমিকা রাখেন। স্বৈরশাসক হাবিব বুরগিবা ও জাইনুল আবেদিন বিন আলির শাসনামলে তিনি দীর্ঘ ২০ বছর প্রবাস জীবন কাটাতে বাধ্য হন। ২০১১ সালের আরব-বসন্তের পর দেশে ফিরে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিউনিসিয়ার পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সশস্ত্র বিপ্লবের পরিবর্তে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ও বহুদলীয় ব্যবস্থার পক্ষে কাজ করেছেন।

কিং ফয়সাল বিন আবদুল আজিজ আধুনিক সৌদি আরবের ইতিহাসে এক দূরদর্শী শাসক। ১৪ এপ্রিল ১৯০৬ সালে রিয়াদে জন্ম নেওয়া ফয়সাল সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিং আবদুল আজিজ ইবনে সৌদের তৃতীয় পুত্র। দীর্ঘ সময় পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৬৪ সালে তিনি বাদশা হন। তার শাসনামলে শিক্ষা সম্প্রসারণ, প্রশাসনিক সংস্কার, নারীদের শিক্ষা এবং অর্থনৈতিক ব্যবস্থার আধুনিকায়ন ঘটে। তিনি বিচারব্যবস্থায় শরিয়া আইনের প্রাধান্য বজায় রেখে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ১৯৬৯ সালে ওআইসি (OIC) প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা কিং ফয়সাল ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তেল অবরোধ আরোপ করে মুসলিম বিশ্বের রাজনৈতিক শক্তি প্রদর্শন করেন। ২৫ মার্চ ১৯৭৫ সালে তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

ইরানের মাহমুদ আহমদিনেজাদ সমসাময়িক বিশ্বরাজনীতিতে এক সময়ের প্রভাবশালী ও বিতর্কিত ইসলামপন্থী রাষ্ট্রনায়ক। ২৮ অক্টোবর ১৯৫৬ সালে সেমনান প্রদেশের আরাদান শহরে তার জন্ম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিধারী আহমদিনেজাদ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ২০০৩ সালে তেহরানের মেয়র হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর ২০০৫ সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি সামাজিক ভর্তুকি বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন এবং বিপ্লবী ইসলামি মূল্যবোধ জোরদারের উদ্যোগ নেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাশক্তির বিরুদ্ধে কড়া অবস্থান নেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষায় আপসহীন ছিলেন।

ওমর হাসান আহমদ আল-বশির সুদানের দীর্ঘতম শাসক এবং বিতর্কিত ইসলামপন্থী রাষ্ট্রনায়ক। ১ জানুয়ারি ১৯৪৪ সালে হোশ বানাগা গ্রামে তার জন্ম। ১৯৮৯ সালের ৩০ জুন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে তিনি ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিলেন। তার শাসনামলে শরিয়া আইন বাস্তবায়ন ও কেন্দ্রীভূত শাসনব্যবস্থা চালু করা হয়। অবকাঠামো উন্নয়ন ও তেল সম্পদের ব্যবহার বাড়লেও গৃহযুদ্ধ, দারফুর সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তিনি বিশ্ব রাজনীতিতে বিতর্কিত হয়ে ওঠেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ আনে। ২০১৯ সালে গণআন্দোলন ও সামরিক অভ্যুত্থানের মুখে তিনি ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হন।

মুয়াম্মার মুহাম্মদ আবু মিনইয়ার আল-গাদ্দাফি লিবিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসক। ৭ জুন ১৯৪২ সালে সির্ত অঞ্চলের একটি দরিদ্র পরিবারে তার জন্ম। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদরিসের শাসনের অবসান ঘটিয়ে তিনি ক্ষমতা দখল করেন। তিনি নিজেকে ‘বিপ্লবের নেতা’ হিসেবে পরিচয় দিতেন এবং তার রাজনৈতিক দর্শনের ভিত্তি ছিল ‘গ্রিন বুক’-এ বর্ণিত ইসলামি মূল্যবোধ ও আরব সমাজতন্ত্র। লিবিয়ার তেল সম্পদ জাতীয়করণ করে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে ব্যাপক বিনিয়োগ করেন। ফিলিস্তিন ও আফ্রিকান ইউনিয়নকে সমর্থন দেওয়া গাদ্দাফি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাতের কারণে সমালোচিত ছিলেন। ২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহের মুখে ২০ অক্টোবর সির্তে তিনি নিহত হন।

মোল্লা মুহাম্মদ ওমর আফগানিস্তানের ইতিহাসে প্রভাবশালী ইসলামপন্থী নেতা এবং তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৫৯ বা ১৯৬০ সালে কান্দাহার প্রদেশের খাকরেজ এলাকায় তার জন্ম। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মোল্লা ওমর ১৯৯৪ সালে তালেবান আন্দোলনের সূচনা করেন এবং ১৯৯৬ সালে কাবুল দখলের পর ‘আমিরুল মোমিনিন’ হিসেবে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে কঠোর শরিয়া আইন প্রয়োগ করা হয়। ২০০১ সালের ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রের আক্রমণে তার সরকারের পতন ঘটে। তিনি আত্মগোপনে চলে যান এবং ২০১৩ সালে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন, যদিও তার মৃত্যুসংবাদ ২০১৫ সালে প্রকাশ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সীতাকুণ্ডে শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ…

11 minutes ago

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ…

24 minutes ago

বসুন্ধরায় গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মী কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫২…

30 minutes ago

শ্রীপুরে মাটির ঘরের দেয়াল ধসে আইসক্রিম ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুরনো মাটির ঘর ভাঙার কাজ করার সময় দেয়াল ধসে মনির হোসেন (৩৬) নামে…

38 minutes ago

দেবহাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপাখালী খাল দখলের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটায় সরকারি নিষেধাজ্ঞা ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে গোপাখালী খাল দখল এবং কৃত্রিম জলাবদ্ধতা…

48 minutes ago

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কেন শরীরের জন্য ঝুঁকিপূর্ণ

দুশ্চিন্তা বা একঘেয়েমিতে অনেকে অজান্তেই দাঁত দিয়ে নখ কাটেন। চিকিৎসাবিজ্ঞানে অনিকোফ্যাগিয়া নামে পরিচিত এই অভ্যাসটি…

53 minutes ago

This website uses cookies.