দেশের পাঁচটি জেলায় ছড়িয়ে পড়েছে প্রাণিবাহিত রোগ অ্যানথ্রাক্স। গত দুই মাসে এসব জেলায় শতাধিক মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আক্রান্ত ৩১ জন রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এই প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট জেলাগুলোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগ এবং আইইডিসিআর এই তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্ত জেলাগুলোর মধ্যে রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, মেহেরপুরের গাংনী, রংপুরের পীরগাছা, দিনাজপুরের পার্বতীপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানথ্রাক্স মূলত একটি জুনোটিক বা প্রাণীবাহিত রোগ, যার জীবাণু মাটিতে অবস্থান করে। ঘাস খাওয়ার সময় গরু ও মহিষের মতো তৃণভোজী প্রাণীরা এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। পরবর্তীতে আক্রান্ত পশুর মাংস নাড়াচাড়া করলে কিংবা কাঁচা বা অর্ধসেদ্ধ মাংস খেলে মানুষের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে। তবে আশার কথা হলো, এই রোগ এক মানুষ থেকে অন্য মানুষে ছড়ায় না।
চিকিৎসকেরা জানান, অ্যানথ্রাক্স মানুষের ত্বক, গলার ভেতর এবং পাকস্থলীতে আক্রমণ করতে পারে, তবে ত্বকেই এর সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। আক্রান্ত ব্যক্তির ত্বকে প্রথমে চুলকানিযুক্ত লাল ফুসকুড়ি ওঠে, যা পরে ফোসকায় রূপ নেয়। সময়মতো রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা না হলে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর মৃত্যুও হতে পারে।
আক্রান্ত এলাকাগুলোর মধ্যে সুন্দরগঞ্জে বড় ধরনের প্রাদুর্ভাব দেখা গেছে। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলা হাসপাতালে ৩১ জন অ্যানথ্রাক্স রোগী ভর্তি ছিলেন। প্রথমে ৭ জন এবং পরে আরও ১৪ জন রোগী হাসপাতালে আসেন, যা বেড়ে এখন ৩১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর একটি রুগ্ণ ও বড় গরু জবাই করে ১০০টি ভাগে বিক্রি করা হয়েছিল। যেসব পরিবার এই মাংস নিয়েছিল, মূলত তাদের বাড়ির সদস্যরাই আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা তাঁদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে গত আগস্টেও সুন্দরগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে একটি রুগ্ণ গরু জবাইয়ের পর ৩০ আগস্ট ছয়জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আইইডিসিআর কর্মকর্তারা সুন্দরগঞ্জের এই প্রাদুর্ভাবকে বড় ঘটনা হিসেবে দেখছেন এবং এর কারণ অনুসন্ধানে সেখানে একটি দল পাঠিয়েছেন।
অনুরূপভাবে, মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, সেখানে আগস্ট মাসে ৩৮ জন এবং সেপ্টেম্বর মাসে ১৮ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছেন। মূলত আক্রান্ত রুগ্ণ ছাগলের মাংস কাটাকুটি ও নাড়াচাড়া করার কারণে তাঁরা সংক্রমিত হয়েছেন। তবে তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই মাস আগে দুটি গ্রামের অন্তত ১৫ জন মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের সবারই রুগ্ণ গরুর সংস্পর্শে আসার ইতিহাস ছিল। আইইডিসিআর জানিয়েছে, রংপুরের পীরগাছা এবং দিনাজপুরের পার্বতীপুরের ঘটনাগুলো কিছুটা বিচ্ছিন্ন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা জানান, চলতি বছর রংপুরের একটি ও গাইবান্ধার একটি উপজেলায় গবাদিপশুতে অ্যানথ্রাক্স দেখা গেছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী এই রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বলেন, শতভাগ গবাদিপশুকে টিকার আওতায় আনা জরুরি এবং এই দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরের। পাশাপাশি আক্রান্ত কোনো পশু মারা গেলে বা আক্রান্ত হলে তাকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কোনোভাবেই যেন আক্রান্ত পশু জবাই বা বিক্রি করা না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে এবং প্রাণিসম্পদ বিভাগের নজরদারি আরও বাড়াতে হবে।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.