জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামে অবস্থিত প্রায় ৩৫ বছরের পুরোনো একটি স্লুইস গেট এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সংস্কার বা রক্ষণাবেক্ষণ না করায় জরাজীর্ণ হয়ে পড়া এই গেটটির দুই পাশের মাটি সাম্প্রতিক টানা ভারী বর্ষণে ধসে গেছে। এমনকি গেটের কিছু অংশও ভেঙে পড়েছে। এর ফলে একদিকে যেমন বিস্তীর্ণ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে গেট সংলগ্ন বসতবাড়িগুলোও সরাসরি ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লুইস গেটটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই এর চারপাশের মাটি ধসে যাচ্ছে। দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মাছমারী বিল, পশ্চিম কড়িয়া, রামনগর এবং পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল মাঠের জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ১৯৯২ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অধীনে পানি ও সেচ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পূর্ব কড়িয়া গ্রামের নদীরকুল এলাকায় মোস্তাকের বাড়ির পাশে এই স্লুইস গেটটি নির্মাণ করা হয়েছিল। এই গেট দিয়ে বিস্তীর্ণ এলাকার পানি প্রবাহিত হয়ে পাশের চিরি নদীতে গিয়ে পড়ে।
কেবল পানি নিষ্কাশনই নয়, স্লুইস গেটের ওপরের অংশটি ব্যবহার করে স্থানীয় অন্তত ৫০টি পরিবার নিয়মিত যাতায়াত করে। কৃষকরা তাদের খেতের ফসল আনা-নেওয়ার কাজেও এই পথটি ব্যবহার করে আসছেন। ফলে গেটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্প্রতি কয়েক দিনের অতিবর্ষণে পানির প্রবল স্রোতে স্লুইস গেটের দুই পাশের মাটি ব্যাপকভাবে ধসে গেছে। বাড়ির পাশের মাটি ধসে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা মোস্তাক। তার ঘরের নিচের অংশও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে স্ত্রী ও সন্তানদের নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন-রাত পার করছে এই পরিবারটি।
এই বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, বিষয়টি জানার পর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনকে স্লুইস গেটটির বর্তমান অবস্থা পরিদর্শন করে বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বেআইনি বলে রায় দিয়েছেন…
সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক ‘মক্কা জোট’ গঠনের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের…
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী টিউশন ফি ও জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে…
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আলিম নামে ৫০ বছর বয়সী এক মৎস্য ব্যবসায়ী নিহত…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাজার থেকে কাটাদিয়া বাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির কৌশলগত হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান। কৌশলগত এই…
This website uses cookies.