হজের বিমান ভাড়া কমাতে বিগত সময়ের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং আগামীতে এই ভাড়া আরও কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, অতীতে হজের বিমান ভাড়া নিয়ে একটি সিন্ডিকেট সক্রিয় ছিল। তবে প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হজ যাত্রীদের নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হজ ও ওমরাহ কেবল কোনো সফর নয়; এটি ঈমানের আহ্বান, আত্মশুদ্ধির যাত্রা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান সুযোগ। এই পবিত্র যাত্রাকে সহজ ও নিরাপদ করতে যারা কাজ করছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ জানান।
ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরে আফরোজা খানম জানান, ২০২৪ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৬ সালে তা ১২ হাজার টাকা কমিয়ে নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০২৭ সালের হজের প্রাক্কালে প্রধানমন্ত্রীর নির্দেশে ভাড়া আরও ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। সব মিলিয়ে বর্তমান সরকারের বিগত পাঁচ মাসে হজের বিমান ভাড়া মোট ৩৬ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে।
ভাড়া আরও কমানোর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সৌদি সরকারের ট্যাক্স কমানোর বিষয়ে আলোচনা চলছে। এই আলোচনা সফল হলে বিমান ভাড়া আরও কমে আসবে এবং সে লক্ষ্যে আন্তরিক চেষ্টা চালানো হচ্ছে।
হাজিদের খাবারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিমানমন্ত্রী বলেন, সৌদি সরকার এবার হজযাত্রীদের খাবারের দায়িত্ব নিয়েছে, তবে এটি কতটুকু সুবিধাজনক হবে তা নিয়ে সংশয় রয়েছে। বাঙালিরা দূরযাত্রায় ভাত-মাছ খেতে পছন্দ করে, কিন্তু সৌদি খাবার সাধারণত মাংস বা পোলাও জাতীয় হয়ে থাকে। নিজে হজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই খাবার আমাদের হজযাত্রীদের জন্য কতটা আরামদায়ক হবে তা ভাবনার বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং সঞ্চালনা করেন মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের সাবেক সভাপতি ইবরাহিম বাহার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, বায়রার সাবেক সভাপতি কাজী মফিজুর রহমান এবং টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। সমাপনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাবের ইসি সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.