রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের ওপর নির্ভর করে আসছে। তবে সম্প্রতি মার্কিন সামরিক কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানটির বিশেষ সেবা ‘স্টারশিল্ড’-এ প্রবেশাধিকার বাধাগ্রস্ত হওয়া ও গতি কমানোর অভিযোগে যুদ্ধক্ষেত্রে এ প্রযুক্তির ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। রাতভর স্টারশিল্ডের সামরিক স্তরের সেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় ইউক্রেনীয় সেনাদের যুদ্ধক্ষেত্রের তৎপরতা ব্যাহত হয় বলে জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ দাবি করেন, স্টারশিল্ডের সামরিক প্যাকেজে কৃত্রিমভাবে গতি সীমিত করে দেওয়ায় তাদের কয়েকটি সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে চলা সামরিক ডিভাইসগুলোর ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হয়েছিল। বিষয়টি সম্পর্কে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীকে আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই সংযোগ বিচ্ছিন্নতার সম্পর্ক থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের আবহেই এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ডিজেল আমদানিসংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কড়া সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এই পরিকল্পনা রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার নীতির পরিপন্থী বলে সমালোচনা ওঠে এবং ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতাও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প দুই দেশের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে একটি ‘এনার্জি যুদ্ধবিরতি’ ঘোষণা করেছিলেন। তবে ইউক্রেন অভিযোগ তোলে মস্কো চুক্তি লঙ্ঘন করেছে। এরপর ওয়াশিংটনের চাপ সত্ত্বেও ইউক্রেন পুনরায় রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা শুরু করে, যাকে বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
যুক্তরাজ্য থেকে দেওয়া বক্তব্যে জেলেনস্কি স্টারলিংকের সংযোগ ও গোয়েন্দা তথ্য পাওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটায় তীব্র হতাশা প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার ধারায় এমন পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেন। ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জেলেনস্কি অভিযোগ করেন, ইউক্রেনের ক্ষতি করার উদ্দেশ্যেই হয়তো স্টারলিংকের গতি কমানো হয়ে থাকতে পারে। তিনি সতর্ক করে বলেন, হামলা চলাকালে এই সংযোগ না থাকলে বহু মানুষের প্রাণহানি হতে পারে। শুরুতে এটিকে স্পেসএক্সের কারিগরি ত্রুটি মনে করা হলেও পরবর্তীতে অন্য একটি সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেন, এটি কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না, বরং একটি ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল।
ইলন মাস্ক অবশ্য স্পষ্ট করেছেন যে স্টারলিংক ও স্টারশিল্ড সম্পূর্ণ পৃথক দুটি সেবা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক উল্লেখ করেন, স্টারশিল্ড ব্যবস্থার পুরো মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। এর গতি কমানো বা ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী এবং চূড়ান্তভাবে প্রেসিডেন্টের ওপর নির্ভর করে। অন্যদিকে স্টারলিংক একটি বাণিজ্যিক সেবা, যা কেবল বেসামরিক বা প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের সুযোগ রয়েছে; এটি দিয়ে আক্রমণাত্মক সামরিক অভিযান চালানো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য অনুচিত।
এই ইস্যুতে হোয়াইট হাউসের ভূমিকা নিয়ে পরস্পরবিরোধী তথ্য এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনার কথা অস্বীকার করলেও পরবর্তীতে অন্য তিন মার্কিন কর্মকর্তা জানান, সিদ্ধান্তটি হোয়াইট হাউসের ভেতর থেকেই নেওয়া হয়েছিল। এ বিষয়ে সাময়িকী ‘টাইম’ মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিক সাড়া দেয়নি। এদিকে ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে, বন্ধ থাকা স্টারশিল্ড সেবা পুনরায় চালু করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্টারশিল্ড হলো স্পেসএক্সের তৈরি একটি বিশেষ ব্যবস্থা, যা স্টারলিংকের মৌলিক স্যাটেলাইট ও উৎক্ষেপণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি হলেও প্রধানত জাতীয় নিরাপত্তা ও সরকারি সামরিক কাজের জন্য সুনির্দিষ্টভাবে সাজানো। স্পেসএক্সের তথ্যানুসারে, স্টারশিল্ডের মূল কাজ তিনটি—পৃথিবী পর্যবেক্ষণ, নিরাপদ যোগাযোগ সরবরাহ এবং স্যাটেলাইটে বিশেষ সামরিক যন্ত্রপাতি স্থাপনের সুবিধা দেওয়া। লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন ব্যাখ্যা করেন, স্টারলিংক সাধারণ স্যাটেলাইট ইন্টারনেটের মতো হলেও স্টারশিল্ড হলো সেই অবকাঠামোর ওপর গড়ে তোলা সামরিক স্তরের সেবা।
পার্থক্য তুলে ধরে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো টড হ্যারিসন বলেন, একই মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করে আলাদা ব্র্যান্ডের সেবা দেওয়ার মতো স্টারশিল্ডও স্টারলিংকের মূল স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবস্থার ওপর নির্ভর করে পরিচালিত হয়। তবে এতে অতিরিক্ত হিসেবে উন্নত এনক্রিপশন বা তথ্য সুরক্ষা এবং পৃথিবী পর্যবেক্ষণের জন্য বিশেষ রাডার সেন্সর যুক্ত রয়েছে। যেখানে স্টারলিংকের নেটওয়ার্কে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে, সেখানে স্টারশিল্ডের স্যাটেলাইট সংখ্যা গোপন রাখা হয়েছে এবং এটি তুলনামূলক কম বলে ধারণা করা হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রয়োজন মেটাতে নির্মিত এই প্রকল্পের চুক্তি ও কৌশলগত তথ্য সম্পূর্ণ গোপনীয়।
ইউক্রেনের রণকৌশলে স্টারশিল্ডের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন পরিচালনা এবং রাশিয়ার দিকে আসা ড্রোন ধ্বংস করার প্রতিরক্ষামূলক কাজে এই প্রযুক্তির তাৎক্ষণিক নির্দেশনার ওপর ইউক্রেনীয় বাহিনীকে নির্ভর করতে হয়। সংযোগে হঠাৎ বিঘ্ন ঘটলে বা নির্দিষ্ট গতির সীমা অতিক্রম করলে ড্রোন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, যা অভিযান সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। এ ছাড়া পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা এসব স্যাটেলাইটের মাধ্যমে যেকোনো বিষম ভূখণ্ডে ইলেকট্রনিক যুদ্ধ বা যোগাযোগে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টাকে রুখে দিয়ে দ্রুতগতিতে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান করা সম্ভব হয়।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার…
ঝিনাইদহে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।…
ক্রায়োনিকস পদ্ধতির মাধ্যমে মৃতদেহ সংরক্ষণের লক্ষ্য হলো ভবিষ্যতের উন্নত প্রযুক্তির সাহায্যে পুনরুজ্জীবন। কিন্তু বর্তমান বিজ্ঞান…
হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবারের পূজায় দেবীরূপে পূজিত হয়েছে ১০ বছরের…
বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ছড়িয়ে…
আধুনিকতার ভিড়ে আবহমান গ্রাম-বাংলার রূপকথা যেন জীবন্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে। শারদীয় দুর্গাপূজা…
This website uses cookies.