Header Premium (728×90)

Categories: প্রবাস

বিদেশে কর্মী গমন কমেছে ৩৩ শতাংশ, মধ্যপ্রাচ্যের বাজারে সংকট

আঞ্চলিক সংঘাত, ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নীতি পরিবর্তনের কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে বিদেশে কর্মী পাঠানোর হার প্রায় ৩৩ শতাংশ কমেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে ৮ লাখ ৩৮ হাজার ৮৯৪ জন বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন, চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৬৯৩ জনে। সেই হিসাবে এক বছরে বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা কমেছে ২ লাখ ৭৫ হাজার ২০১ জন। আর চলতি বছরের ২১শে অক্টোবর পর্যন্ত বিএমইটি থেকে মোট ৫ লাখ ৮৮ হাজার ৭১৮ জন কর্মী বহির্গমন ছাড়পত্র পেয়েছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় একক শ্রমবাজার সৌদি আরবে কর্মী যাওয়ার হার আশঙ্কাজনকভাবে কমেছে। ২০২৫ সালের প্রথম ৯ মাসে দেশটিতে গিয়েছিলেন ৫ লাখ ৬৮ হাজার ৮৩ জন কর্মী, যা চলতি বছরের একই সময়ে কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৮৮৭ জনে। অর্থাৎ সৌদি আরবে কর্মী গমন ৪৫.৮ শতাংশ হ্রাস পেয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৩৬০ জন বাংলাদেশি বিদেশে গিয়েছিলেন, যার মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ১৯ ৪ জনের গন্তব্যই ছিল সৌদি আরব। সংঘাত ও ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে বর্তমানে অন্তত ২০ হাজার সৌদি প্রবাসী ছুটির মেয়াদ শেষে দেশে আটকে পড়েছেন এবং তাদের কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সম্প্রতি হুতিদের হামলার পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও নিরাপত্তা আতঙ্কে। একই সঙ্গে বিমান চলাচলে তৈরি হয়েছে জটিলতা। রিয়াদ ও দাম্মামগামী সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প রুটে যাতায়াত করতে গিয়ে কর্মীদের গুনতে হচ্ছে বিপুল অতিরিক্ত খরচ। জেদ্দা থেকে ঢাকায় ফেরা প্রবাসী সুবল দাস জানান, দীর্ঘদিন পর দেশে ফিরলেও এক দিনের ব্যবধানে টিকিটের দাম ১,৯০০-২,০০০ রিয়াল থেকে বেড়ে ২,৬০০ রিয়ালে গিয়ে ঠেকেছে। অতিরিক্ত ৬০০ থেকে ৭০০ রিয়াল বেশি দিয়ে তাকে টিকিট কাটতে হয়েছে। একইভাবে ফরিদপুরের আতিয়ার মণ্ডল গত ১৪ই অক্টোবর রিয়াদ থেকে টিকিট কাটলেও ফ্লাইট বন্ধের কারণে বাসে মক্কা হয়ে জেদ্দা পৌঁছান এবং সেখান থেকে নতুন টিকিট কেটে দেশে ফেরেন। রিয়াদে কর্মরত প্রবাস নাজমুল ইসলাম জানান, কাজের জায়গায় প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র আতঙ্ক তাড়া করে বেড়ায়, যা কর্মীদের পরিবারকেও চরম উৎকণ্ঠায় রেখেছে।

শ্রমবাজার সংকুচিত হওয়ার সরাসরি প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২.৭৭ বিলিয়ন ডলার, যা বিগত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। অবশ্য এটি আগের বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি, আর গত আগস্টে এসেছিল ২.৯৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থ বছরের ১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮,৫৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ৭,৫৮৬ মিলিয়ন ডলার।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ২০১১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্যে দেখা যায়, এ সময়ে ২০৩টি দেশে ১ কোটি ১০ লাখের বেশি কর্মী পাঠানো হলেও মোট কর্মীর প্রায় ৭৯ শতাংশ গেছেন মাত্র পাঁচটি দেশে এবং ৯৪ শতাংশের গন্তব্য ছিল ১০টি দেশ। অন্যদিকে, গত দেড় দশকে ৯৮টি দেশে ১০০ জন কর্মীও পাঠানো সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বাজারে নতুন কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে। নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের কারণে ২০২৪ সালের জুনে মালয়েশিয়ায় কর্মী গ্রহণ বন্ধ হয়ে যায় এবং ২০২৪ সাল থেকে ওমানের বাজারও কার্যকরভাবে বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ সালে প্রায় এক লাখ কর্মী গেলেও ২০২৫ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১৩ হাজার ৭৫০ জনে।

সংযুক্ত আরব আমিরাতে অন্তত ১০ থেকে ১২ লাখ বাংলাদেশি কর্মরত থাকলেও তারা মারাত্মক ভিসা জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভে অংশ নেয়ার দায়ে ৫৭ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হওয়ার পর সাধারণ কর্মীদের জন্য দেশটিতে ভিসা বন্ধ করে দেয়া হয়। বর্তমানে শুধুমাত্র হাই-প্রফেশনাল ভিসা চালু রয়েছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলার সময় যুদ্ধের ভিডিও সরাসরি সম্প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের এআই প্রযুক্তির সাহায্যে শনাক্ত করে ভিসা বাতিল করছে আমিরাত কর্তৃপক্ষ। তবে শ্রমবাজার সম্প্রসারণ, ট্যাক্সি ও ট্রাকচালক নিয়োগ এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গত ১৩ই অক্টোবর আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

বিকল্প বাজার অনুসন্ধান করতে গিয়ে কর্মীরা নানা প্রতারণার মুখোমুখি হচ্ছেন। ২০২৫ সালে কম্বোডিয়াগামী ১২,২৬৩ জন কর্মী ছাড়পত্র পেলেও অনেককে কলসেন্টারের চাকুরির প্রলোভন দেখিয়ে অনলাইন স্ক্যাম বা অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। একই বছর রাশিয়ায় গিয়েছেন ৪,৭২৭ জন কর্মী। তবে আশার কথা হলো, মালয়েশিয়া সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে, যদিও এর সময়সীমা ও সংখ্যা এখনো অনির্ধারিত। এছাড়া জাপানের সঙ্গে স্বাক্ষরিত পাঁচ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী আগামী বছরের ১লা এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে, যা স্বয়ংশক্রিয়ভাবে আরও পাঁচ বছর বর্ধিত হতে পারবে।

সার্বিক সংকটের বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর মানবজমিনকে বলেন, দীর্ঘমেয়াদে বিকল্প শ্রমবাজার তৈরি করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। কোন কোন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে তা নিরূপণ করে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতেহারে এসব পরিকল্পনার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই সুনির্দিষ্ট বাস্তবায়ন রূপরেখার ঘাটতি রয়েছে বা বাস্তবায়ন প্রক্রিয়ায় অতিরিক্ত বিলম্ব ঘটছে, যা দ্রুত কাটিয়ে ওঠা দরকার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সৌদিতে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশির সাজার তথ্য চেয়ে চিঠি কনস্যুলেটের

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের নির্দিষ্ট কোনো সাজার…

12 minutes ago

তিন লক্ষ্য নিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে ইপিএ

অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করা, রপ্তানি বাড়ানো এবং দেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে জাপান…

22 minutes ago

নিবন্ধনের শর্তে জীবিকা হারানোর শঙ্কায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা

পিঠা, পুরি ও ঝালমুড়িসহ ১৬ শ্রেণির খাবার বিক্রেতাদের ১ নভেম্বর থেকে নিবন্ধনের আওতায় আসার নির্দেশ…

39 minutes ago

ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার…

1 hour ago

মৌলভীবাজারের বড়লেখায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস

মৌলভীবাজারের বড়লেখায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে…

1 hour ago

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এই হামলায়…

1 hour ago

This website uses cookies.