মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিকের দ্বিতীয় পর্বে তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন অভিনেতা জাফর জ্যাকসন। তার দাবি, নতুন এই সিনেমায় প্রয়াত গায়কের নিজের বক্তব্য ও দৃষ্টিভঙ্গিকেও যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
চলতি বছর মুক্তি পাওয়া ‘মাইকেল’ সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয়েছে। এমনকি এটি ‘ওপেনহাইমার’-কে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা বায়োপিকের রেকর্ড গড়েছে। তবে প্রথম সিনেমায় জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি এড়িয়ে যাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন নির্মাতারা। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত সেই সিনেমাটির নির্মাণপ্রক্রিয়ায় শেষ পর্যায়ে একটি আইনি শর্ত সামনে আসায় নেভারল্যান্ড র্যাঞ্চে পুলিশের অভিযানের মতো দৃশ্যগুলো বাদ দিতে হয়েছিল। পরে জ্যাকসন পরিবারের অর্থায়নে প্রায় পাঁচ কোটি ডলার ব্যয়ে পুনরায় শুটিং করা হয়।
ভ্যারাইটি ও জি কিউ মিডল ইস্ট-এর সঙ্গে আলাপচারিতায় জাফর জ্যাকসন বলেন, দ্বিতীয় সিনেমায় জ্যাকসনের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আরও বিস্তারিতভাবে তুলে ধরা হতে পারে। তিনি বলেন, অভিযোগগুলো সব সময় অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসে, এটি অন্য কারও গল্প বা উপলব্ধি। পরিবার হিসেবে তাদের বড় সমস্যা হলো, মাইকেলের নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ না পাওয়া। বিশেষ করে জীবনের শেষ বছরগুলোতে তাঁর কণ্ঠস্বর শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
পরিচালক ফুকুয়া আগেই জানিয়েছিলেন যে, দ্বিতীয় পর্বে বিতর্কিত বিষয়গুলোকে অতিরঞ্জিত না করে বরং একজন মানুষ হিসেবে জ্যাকসন কেমন ছিলেন, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রথমবার মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরের বছর অভিযোগকারীর সঙ্গে আদালতের বাইরে সমঝোতা হয়। ২০০৫ সালে পৃথক একটি শিশু যৌন নির্যাতন মামলায় বিচারের মুখোমুখি হয়ে তিনি খালাস পান। ২০০৯ সালে ৫০ বছর বয়সে অতিরিক্ত ওষুধ সেবনের প্রভাবে তাঁর মৃত্যু হয়।
২০১৯ সালে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’-এ জ্যাকসনের বিরুদ্ধে আরও যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রামাণ্যচিত্রের পরিচালক ড্যান রিড প্রথম বায়োপিকের সমালোচনা করে বলেছিলেন যে, সিনেমাটিতে জ্যাকসনের ব্যক্তিত্ব ও শিশুদের সঙ্গে তাঁর সম্পর্কের বিতর্কিত দিকগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিশ্বের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন মাইকেল জ্যাকসনের একক অ্যালবাম ও গানের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে। তাঁর বর্ণাঢ্য সংগীতজীবন ও বিতর্কিত অভিযোগগুলো কীভাবে পর্দায় উঠে আসে, তা নিয়ে দ্বিতীয় সিনেমাকে ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রাষ্ট্রে…
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা জমির ভাড়া শীর্ষ…
টাঙ্গাইল শহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ…
ফ্রান্সের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও…
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ…
This website uses cookies.