রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলবাজি বজায় রাখতে তাকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন ওই নেতা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মান্নান হোসেন শাহীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। ওই সময় মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন মহল্লায় পাহারার উদ্যোগ নেন তারা। এ বিষয়ে এলাকাবাসীকে সম্পৃক্ত করতে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
এই উদ্যোগের জেরে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদ উদ্যানের ২ নম্বর রোডের শাপলা ভবনের নিচতলায় বাড়ি মালিক কল্যাণ সমিতির কার্যালয়ে তার ওপর নৃশংস হামলা চালানো হয়। নিজের ওপর ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার বর্ণনা দিয়ে শাহীন বলেন, "আমাকে হত্যার উদ্দেশ্যে ৪২টি কোপ দেওয়া হয়। কেটে ফেলা হয় হাত ও পায়ের রগ। ৩৭ দিন আইসিইউতে ছিলাম। সব মিলিয়ে সাত মাস হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরি।" শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও রাজনীতির প্রতি ভালোবাসা থেকে আবারও মাঠে সক্রিয় হয়েছেন বলে জানান তিনি।
বিএনপির এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর কিশোর গ্যাং ও একটি কুচক্রী মহল ফের তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তার দাবি, তিনি কাউন্সিলর নির্বাচিত হলে ওই এলাকায় চাঁদাবাজির সুযোগ বন্ধ হয়ে যাবে—এ কারণেই একটি মহল তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
জীবনের ঝুঁকি থাকলেও ৩৩ নম্বর ওয়ার্ডের কোথাও চাঁদাবাজির খবর পেলে তিনি সেখানে গিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন বলে জানান শাহীন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর বিকেলে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে সুয়ারেজ লাইনের কাজের জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে—এমন খবর পেয়ে তিনি সেখানে যান। তার অভিযোগ, মো. নান্নু, নুরুল ইসলাম, হান্নান ও সেন্টুসহ ১৫ থেকে ২০ জন ওই চাঁদা দাবির সঙ্গে জড়িত ছিলেন। চাঁদার প্রতিবাদ করায় তারা তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে সঙ্গে থাকা জিসান আহমেদ ডান হাতে গুরুতর আঘাত পান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
শাহীন অভিযোগ করেন, ওই ঘটনার পর বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে চাঁদাবাজ হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থী হলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একবার হত্যাচেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার পর আবারও হামলার আশঙ্কা করছেন তিনি। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এই বিএনপি নেতা।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
This website uses cookies.