ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ পুনরায় ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার সদস্যপদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ৫ অক্টোবর নোটিশটি জারি করা হয় এবং ৬ অক্টোবর থেকে তার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সমিতির কার্যনির্বাহী কমিটি সূত্রে জানা গেছে, হযরত আলী হিরনের বিরুদ্ধে ইতিপূর্বেও গঠনতন্ত্র লঙ্ঘন, অর্থ আত্মসাৎ ও গ্রহণ, জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অসদাচরণ, হুমকি প্রদান এবং মক্কেলের পাসবই ফেরত না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সমিতির দেওয়া নোটিশ অনুযায়ী, ২০২১ সালের ২৫ মার্চ গঠনতন্ত্রের ৪০ ধারা লঙ্ঘনের দায়ে হযরত আলীর সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছিল। একই বছরের ১৬ নভেম্বর একটি দেওয়ানি মামলায় রায় পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সদস্যপদ আবারও ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ২৪ এপ্রিল ভবিষ্যতে আর কোনো অসদাচরণ করবেন না মর্মে একটি লিখিত মুচলেকা দিয়ে তিনি পুনরায় সমিতির সদস্য হিসেবে কাজ করার সুযোগ পান।
তবে ২০২৫ সালের ৭ আগস্ট সমিতির সভাকক্ষে জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন মালতিয়ার সঙ্গে অসদাচরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় হযরত আলীর সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল।
এরপর একই বছরের ৩১ আগস্ট চরফ্যাশন যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলায় আসামিপক্ষে শুনানি পরিচালনা করাকে কেন্দ্র করে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (সোহান)-এর সঙ্গে হযরত আলী দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। সে সময় হাবিবুর রহমানের কাছ থেকে মামলার নথি ও মক্কেলের পাসবই কেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী সমিতিতে অভিযোগ জানালে ভিজিল্যান্স কমিটির তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।
সর্বশেষ গত ৪ অক্টোবর সমিতির কার্যালয়ে সাধারণ সভা চলাকালে জিআর ১৬১/২৬ মামলায় আসামিপক্ষের জামিন আবেদনকে কেন্দ্র করে হযরত আলীর বিরুদ্ধে গালমন্দ, হট্টগোল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে জামিন চাওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে। এসব ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির কার্যনির্বাহী কমিটি তার সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় এবং সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করে।
চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার জানান, বারবার গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও পেশাগত অনাচরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
এসব অভিযোগের বিষয়ে জানতে অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাটোর রেলস্টেশনের বিশ্রামকক্ষে ব্যাগ চুরির ঘটনায় ল্যাপটপ ও ক্যামেরা হারিয়েছেন এক জার্মান পর্যটক। ভুক্তভোগী ক্রিল…
যশোরে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিতে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলী মনির ওপর…
রাঙ্গামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ মোট…
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে…
এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বহর আধুনিকায়নের…
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে এক নারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। এ…
This website uses cookies.