ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রত্যন্ত পোড়াবাড়ীয়া গ্রামে পরচুলা বা উইগ তৈরির মাধ্যমে এক নীরব অর্থনৈতিক বিপ্লব ঘটেছে। একসময় গৃহস্থালির বর্জ্য হিসেবে ফেলে দেওয়া কাঁচা চুল এখন স্থানীয় অসচ্ছল নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় আন্তর্জাতিক মানের পরচুলায় রূপান্তরিত হচ্ছে। এই কুটির শিল্প হাজারো গ্রামীণ নারীর সামাজিক ও আর্থিক জীবনের গতিপথ বদলে দিয়েছে। সংসারের কাজের পাশাপাশি কিংবা স্থানীয় কারখানায় শ্রম দিয়ে এখানকার নারীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট ও সম্মানজনক অংকের অর্থ উপার্জন করছেন, যা তাদের পরিবারে এনে দিয়েছে সচ্ছলতা।
উৎপাদনশীলতার ওপর ভিত্তি করে এখানকার একেকজন নারী শ্রমিক মাসে গড়ে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন। এই অর্থ পাক্ষিক বা মাসিক ভিত্তিতে সরাসরি তাদের হাতে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। এর ফলে চরম অর্থনৈতিক অনটন ও ঋণের জালে জর্জরিত পরিবারগুলোর দীর্ঘদিনের দৈন্যদশার স্থায়ী অবসান ঘটছে। একসময় দুবেলা অন্ন সংস্থানের জন্য সংগ্রাম করা সুবিধাবঞ্চিত গৃহিণীরা এখন পুরোপুরি স্বাবলম্বী হয়ে উঠেছেন।
পোড়াবাড়ীয়া গ্রামের গৃহিণী হোসনা আক্তার নিজের অতীত কষ্টের কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, আগে স্বামীর একার আয়ে নুন আনতে পান্তা ফুরাত এবং সন্তানদের লেখাপড়া ও মৌলিক চাহিদা মেটানো অসম্ভব ছিল। তবে পরচুলা তৈরির প্রশিক্ষণ নেওয়ার পর থেকে তিনি নিয়মিত আয় করছেন। এখন নিজের উপার্জনে সন্তানদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের নানা প্রয়োজন মেটাচ্ছেন। হোসনা আক্তারের পরিবারের প্রায় ৭ জন সদস্য এই পেশায় যুক্ত থেকে মাসে ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করছেন।
একই গ্রামের আরেক নারী শ্রমিক তামান্না আক্তার জানান, আগে অনাহারে-অর্ধাহারে দিন কাটলেও পরচুলার সুতা বেঁধে উপার্জিত টাকা দিয়ে তিনি ঋণ শোধ করেছেন। পাশাপাশি দুটি গরু কিনেছেন এবং দুই রুমের একটি পাকা ঘর তৈরি করেছেন। একইভাবে দুঃখ-কষ্ট দূর করে তিল তিল করে ৩টি গরু কিনেছেন এবং বাড়িতে পানির মোটর বসিয়েছেন লাইলী আক্তার। অন্যদিকে, আবুল হোসেনের চার মেয়ে কারখানায় কাজ করে মাসে প্রায় ১ লাখ টাকা আয় করছেন, যা তাদের পরিবারকে বড় ধরনের আর্থিক জোগান দিচ্ছে। গ্রামের ছালমা আক্তার জানান, বাড়ির কাছে এমন নিরাপদ কর্মপরিবেশ পাওয়ায় নারীদের সামাজিক মর্যাদাও অনেক বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় উদ্যোক্তা জহিরুল ইসলাম বলেন, পোড়াবাড়ীয়া এখন এই অঞ্চলের প্রধান উইগ হাবে পরিণত হয়েছে। তবে কাঁচামালের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং পরিবহন সংকট এই শিল্পের বড় বাধা। ব্যাংক ঋণের জটিলতা দূর করে সহজ শর্তে জামানতবিহীন ঋণ ও রপ্তানি সুবিধা দেওয়া হলে এটি জেলার অর্থনীতির প্রধান চালিকাশক্তি হতে পারে বলে তিনি মনে করেন। প্রবীণ শিক্ষাবিদ হাবিবুর রহমানের মতে, গ্রামে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় শহরমুখী হওয়ার প্রবণতা কমেছে এবং নারীদের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রায় গ্রামীণ অর্থনীতিতে তরল অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পিবাড়ীয়া গ্রুপের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ২০০ অসচ্ছল নারী সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করেন। কর্মীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন সুবিধা থাকলেও কারখানায় যাতায়াতের ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পিছিয়ে পড়া নারীদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করার এই মডেলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ, কর্মপরিবেশ পর্যবেক্ষণ ও তদারকি অব্যাহত রাখা হয়েছে।
এই উদ্যোগের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান রানা জানান, একটি আন্তর্জাতিক কোরিয়ান কোম্পানির আধুনিক পরচুলা তৈরির কৌশল এবং বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা দেখে তিনি অনুপ্রাণিত হন। সেই অনুপ্রেরণা থেকে নিজ জন্মভূমিতে অসচ্ছল নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই শিল্পের সূচনা করেন। বর্তমানে ময়মনসিংহ, গফরগাঁও, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুর ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের ১৮টি কারখানা রয়েছে। কৃত্রিম উপায়ে প্রক্রিয়াজাত করা কাঁচা চুল দিয়ে তৈরি এসব নিখুঁত উইগ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের প্রায় ২২টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। বর্তমানে তাদের অধীনে প্রায় ২ হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করে স্বাবলম্বী হয়েছেন। স্থানীয় প্রশাসন, ব্যাংক ও সরকারি নীতিগত সহযোগিতা পেলে ভবিষ্যতে এই খাতে আরও ১০ হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…
উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে ১০টি গুরুত্বপূর্ণ…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
বুধবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল ২৬ মিনিট বন্ধ ছিল। তবে…
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত বই তুলে দিতে ৩০…
This website uses cookies.