স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরের কাউনিয়ায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম (৫৫) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে কাউনিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ (১৭ জুন) মঙ্গলবার
উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ওই চেয়ারম্যানকে আটক করে সেনাবাহিনী।
রাশেদুল উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে আজ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কার্ড দেওয়ার বিপরীতে উপকারভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ তিন শ টাকা করে আদায় করেন। অনেকের কাছ থেকে একই অর্থ বছরে দুবার আদায় করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীরা এ ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনা দেখা দেয়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত লোকজন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সেনাবাহিনীকে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করে।
ওই ইউনিয়নের রাজিব শটিবাড়ি গ্ৰামের টিসিবির উপকারভোগী নুরুজ্জামান বলেন, ‘আমার কাছ থেকে গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির কর নিয়েছে। একই অর্থবছরে আজ স্মার্ট কার্ড দেওয়ার সময় আবার বসতবাড়ির কর তিন শ টাকা নিয়েছে। এটা চাঁদাবাজি।’ তিনি বলেন, ‘শুধু আমার কাছেই নয়, ইউনিয়নের সব অসহায় উপকারভোগীদের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের নামে বেশি বেশি করে টাকা আদায় করা হয়েছে।’
তবে অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে বসতবাড়ির ট্যাক্সের টাকা রসিদ মূলে নেওয়া হয়েছে।
ওসি আব্দুল লতিফ শাহ জানান, এ ব্যাপারে উপকারভোগী নুরুজ্জামান বাদী হয়ে রাশেদুল ইসলামকে আসামি করে চাঁদাবাজির ধারায় মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক জানান, ‘আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি। থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পারব।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২