
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষতিকর অ্যাপ ও ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করতে গুগলের বিল্ট-ইন নিরাপত্তা ব্যবস্থা 'প্লে প্রটেক্ট' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৫ সালে এই সেবার মাধ্যমে ২ কোটি ৭০ লাখের বেশি নতুন ক্ষতিকর অ্যাপ শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি, ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি অনেক ক্ষেত্রে এসব অ্যাপের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্যমতে, ২০১৭ সালে চালু হওয়া প্লে প্রটেক্ট গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের আগেই তা পরীক্ষা করে থাকে। এছাড়া সাইডলোডিং বা প্লে স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রেও এই নিরাপত্তা ব্যবস্থা পুরো ডিভাইস স্ক্যান করে ক্ষতিকর কোড শনাক্ত করে। গুগল জানিয়েছে, যেসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে বা প্রতারণার চেষ্টা চালায়, সেগুলোর ক্ষেত্রে প্লে প্রটেক্ট আগাম গোপনীয়তা সতর্কতা পাঠায়।
প্লে স্টোরের বাইরের উৎস থেকে কোনো অ্যাপ ইনস্টল করার সময় ঝুঁকিপূর্ণ ফাইল পাওয়া গেলে প্লে প্রটেক্ট ব্যবহারকারীকে সতর্ক করে। অনেক ক্ষেত্রে অ্যাপ ইনস্টল হওয়ার আগেই তা আটকে দেওয়া হয়। যদি কোনো অ্যাপকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ মনে হয়, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় বা ডিভাইস থেকে মুছে ফেলার ক্ষমতাও রাখে। গুগলের তথ্যানুযায়ী, ২০২৫ সালে তৃতীয় পক্ষের উৎস থেকে আসা প্রায় ২৬ কোটি ৬০ লাখ ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টলের চেষ্টা প্রতিহত করেছে এই প্রযুক্তি।
তবে কিছু ব্যবহারকারী নিজেদের সুবিধার্থে এই নিরাপত্তা ফিচারটি বন্ধ রাখেন। বিশেষজ্ঞদের মতে, এটি করলে ডিভাইসে ম্যালওয়্যার সংক্রমণ, তথ্য চুরি এবং সাইবার হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, বিশেষ করে নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার না থাকলে।
প্লে প্রটেক্ট বন্ধ করার প্রক্রিয়াটি হলো: গুগল প্লে স্টোর খুলে প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে, এরপর প্লে প্রটেক্ট অপশনে গিয়ে সেটিংস বা গিয়ার আইকনে ট্যাপ করে 'স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রটেক্ট' বন্ধ করতে হবে। একই জায়গা থেকে 'ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন' অপশনটিও নিয়ন্ত্রণ করা যায়। এই অপশন চালু থাকলে প্লে স্টোরের বাইরের অ্যাপের তথ্য বিশ্লেষণের জন্য গুগলের কাছে পাঠানো হতে পারে।
তবে সব ব্যবহারকারী চাইলে এই ফিচারটি বন্ধ করতে পারেন না। কোনো প্রতিষ্ঠানের পরিচালিত বা ম্যানেজড গুগল অ্যাকাউন্ট হলে অ্যাডমিন এই সুবিধা সীমিত রাখতে পারেন। এছাড়া যারা গুগলের অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রামের সদস্য—যেমন সাংবাদিক, মানবাধিকারকর্মী বা রাজনৈতিক ব্যক্তি—তারা সরাসরি এটি বন্ধ করতে পারেন না। তাদের ক্ষেত্রে সিকিউরিটি সেটিংস থেকে প্রোগ্রামটি থেকে বেরিয়ে এসে সেটিংস পরিবর্তন করতে হয়। তবে প্লে প্রটেক্ট বন্ধ থাকলেও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অ্যাপ শনাক্ত হলে গুগল বিশেষ ক্ষেত্রে তা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২