
মাদ্রিদ ডার্বির পর রেফারিদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। তবে সেই মন্তব্যের জেরে আপাতত কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না পর্তুগিজ এই কোচকে। স্প্যানিশ রেফারিদের সংগঠন তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না তোলার সিদ্ধান্ত নিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, মরিনিওর মন্তব্যের পর রেফারিদের সংগঠন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করেছিল। এ বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির (সিটিএ) আইনি বিভাগের সঙ্গেও আলোচনা করা হয়। তবে সোমবারের একটি বৈঠকের পর শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে মূল রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মরিনিও। বিশেষ করে ভিএআর কর্মকর্তা ড্যানিয়েল ত্রুহিয়ো সুয়ারেসের ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
রিয়াল কোচের অভিযোগ ছিল, আতলেতিকোর দুই খেলোয়াড় এমন অপরাধ করেছিলেন, যার জন্য লাল কার্ড দেখানো উচিত ছিল, কিন্তু রেফারি তাদের মাঠ ছাড়ার নির্দেশ দেননি। একই সঙ্গে ম্যাচ পরিচালনার জন্য রেফারি ওর্তিস আরিয়াসের অভিজ্ঞতা এবং বড় ম্যাচ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও। ভিএআর কর্মকর্তা ত্রুহিয়োর আগের একটি রিয়াল-সংশ্লিষ্ট ম্যাচের ঘটনাও নিজের বক্তব্যে তুলে আনেন তিনি।
মরিনিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে সর্বোচ্চ চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানারও শঙ্কা ছিল। তবে রেফারিদের সংগঠন শেষ পর্যন্ত অভিযোগ না করায় আপাতত সেই সম্ভাবনা থাকছে না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২