
২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর মধ্যে ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মরক্কোর ফুটবল ফেডারেশন কাসাব্লাঙ্কার হাসান দ্বিতীয় স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে ঘোষণা করলেও ফিফা জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফিফার মুখপাত্র জানিয়েছেন, ৫ আগস্টের ঘোষণা অনুযায়ী যথাসময়েই এ ব্যাপারে জানানো হবে।
বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা দাবি করেন, বেনস্লিমান শহরের হাসান দ্বিতীয় স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এটি ভালো লাগুক বা না লাগুক, শহরটি বেনস্লিমান এবং স্টেডিয়াম হাসান টু। তিনি আশা প্রকাশ করেন, মরক্কো সেই ফাইনালে অংশ নেবে। এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে যে দাবি উঠেছে, তা স্পষ্টভাবে অস্বীকার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফাইনাল নিয়ে লড়াইয়ে থাকা দেশগুলোর ভেন্যু প্রস্তুতির চিত্রও ভিন্ন। মরক্কোর বেনস্লিমানে নির্মাণাধীন কিং হাসান টু স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে স্পেনের হাতে রয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার স্টেডিয়াম। সংস্কারের পর বার্সেলোনার ক্যাম্প ন্যু ১ লাখ ৫ হাজার দর্শক ধারণ করতে পারবে এবং মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর বর্তমান ধারণক্ষমতা ৭৮ হাজার ২৯৭ জন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ানও ফাইনালের ভেন্যু নিয়ে অস্পষ্টতার সমালোচনা করে বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্পেনেরই ফাইনাল আয়োজন করা উচিত।
২০৩০ বিশ্বকাপকে স্পেন, পর্তুগাল ও মরক্কোর মধ্যে সেতুবন্ধন হিসেবে দেখা হলেও, ফাইনালের ভেন্যু নিয়ে বিরোধ এবং রাবাত ও মাদ্রিদের কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এর আগে সেউতা ছিটমহলে মরক্কোর নাগরিকদের প্রবেশের ঘটনায় ১৪০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচগুলো ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ স্মরণে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২