
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের কারাবন্দি জীবন এবং তার প্রতি পাকিস্তান সরকারের আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। সম্প্রতি এক বিবৃতিতে তিনি ইমরানের সঙ্গে চলমান আচরণকে ‘বর্বরোচিত’ ও অমানবিক বলে মন্তব্য করেছেন।
প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি ঘটলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিশ্বের ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক একযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি পাঠিয়েছিলেন। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক এই প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকও ইমরানের পাশে দাঁড়িয়েছেন।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ আশরাফুল হক ইমরান খানকে ‘বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘পাকিস্তানে দুর্নীতি দূর করার লক্ষ্যেই ইমরান খান রাজনীতিতে এসেছিলেন। জনগণের কাছ থেকে তার দেশ পরিচালনার স্পষ্ট ম্যান্ডেটও ছিল। এমন একজন মানুষকে অমানবিক পরিবেশে কারাগারে রাখা কোনো সভ্য দেশের কাছে কাম্য হতে পারে না।’ মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটিকে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতার শামিল।’
বিবৃতিতে ইমরানের সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন আশরাফুল হক। ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে লাহোর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঢাকায় খেলতে এসেছিলেন ইমরান। সেই ম্যাচেই তাদের প্রথম পরিচয় ঘটে, যেখানে ইমরান দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি শতক হাঁকিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর ইংল্যান্ডে পড়াশোনার সময়েও তাদের নিয়মিত যোগাযোগ ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিবল কলেজে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতেন আশরাফুল। পরবর্তীতে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের সফরের সময়েও তাদের দেখা হতো।
রাজনীতিতে যোগ দেওয়ার পরও ইমরানের সঙ্গে আশরাফুল হকের বন্ধুত্বে কোনো চির ধরেনি। রাজনৈতিক বৈরিতার কারণে ইমরানের জীবন নিয়ে মাঝেমধ্যে আশরাফুল শঙ্কিত হলেও ইমরান ছিলেন নির্বিকার। ইমরান আশরাফুলকে বলতেন, ‘আমি যদি এভাবে মারা যাওয়ার জন্য নির্ধারিত থাকি, তাহলে এভাবেই মরব। এটা আল্লাহর ইচ্ছা।’
আশরাফুল আরও উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন ইমরান খান, যা তার একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিক। ইমরানের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে আশরাফুল জানান, নব্বইয়ের দশকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ইমরানের পরিবারের সঙ্গে কাটানো একটি চমৎকার নৌভ্রমণের স্মৃতি আজও তার মনে অমলিন রয়েছে।
ক্রিকেটে বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় সাড়ে ৩ বছর ধরে কারাবন্দি।
১৯৯০-এর দশকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ইমরানের পরিবারের সঙ্গে নৌভ্রমণের স্মৃতিও তার মনে আছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২