
লর্ডসে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে বসেছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে দ্বিতীয় দিন শেষে ২৬১ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে ইংলিশরা। ৩ উইকেটে ৮১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করা স্বাগতিকদের হাতে এখনও রয়েছে ৭টি উইকেট। টেস্টে ঘুরে দাঁড়াতে হলে তৃতীয় দিনের সকালেই ইংল্যান্ডের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে পাকিস্তানকে।
এর আগে ইংলিশ পেসারদের গতি আর সুইংয়ের মুখে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন তরুণ ওপেনার আজান ওয়াইস, যিনি ১০২ বল খেলে অদম্য ধৈর্য দেখান। এছাড়া সউদ শাকিল করেন ১৬ রান। তবে ব্যর্থ হয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটাররা। দলীয় স্কোর দুই অঙ্কে পৌঁছানোর আগেই অধিনায়ক শান মাসুদ ১ রান করে বিদায় নেন। এরপর আব্দুল্লাহ শফিক ৫ ও ছন্দে থাকা বাবর আজম মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলে বড় ধাক্কা খায় পাকিস্তান। সউদ শাকিল কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও জোশ টাংয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ইংল্যান্ডের পক্ষে দুর্দান্ত বোলিং করে অলি রবিনসন মাত্র ১১ রানে ৪টি এবং জোফরা আর্চার ২৬ রানে ৩টি উইকেট নেন। এছাড়া জোশ টাং পান ২৭ রানে ২টি উইকেট।
পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রথম ইনিংসেই ১৮০ রানের বড় লিড পায় ইংল্যান্ড। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মেঘলা আকাশ ও উইকেটের সুবিধা নিয়ে শুরুতেই চেপে ধরেছিলেন পাকিস্তানি পেসাররা। মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। আব্বাস ৭৩ রানে ৪টি এবং মোহাম্মদ আলী ৮৬ রানে ৩টি উইকেট নেন। তবে মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৯০ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। তাদের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন জেমি স্মিথ। এছাড়া জর্ডান কক্স ৫৫ এবং গাস অ্যাটকিনসন ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ৮১ রান তুলেছে ইংল্যান্ড। ক্রিজে ৩৯ রান নিয়ে অপরাজিত আছেন এমিরিও এবং তাকে ২৪ রান করে যোগ্য সঙ্গ দিচ্ছেন জো রুট। পাকিস্তানের হয়ে খুররাম ২৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯০/১০, ৬৬.৪ ওভার (স্মিথ ৬১, কক্স ৫৫; আব্বাস ৪/৭৩ ও আলী ৩/৮৬)।
পাকিস্তান প্রথম ইনিংস: ১১০/১০, ৩৭.২ ওভার (ওয়াইস ৪৬, শাকিল ১৬; টাং ২/২৭, জোফরা ৩/২৬ ও রবিনসন ৪/১১)।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২